প্রথম আলোর প্রতিবেদন নিয়ে সাংসদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের তিনটি পক্ষের দ্বন্দ্ব নিয়ে প্রথম আলোতে প্রকাশিত সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ মিজানুর রহমান। প্রতিবেদনকে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও প্রতিবেদকের মনগড়া বলে দাবি করেছেন তিনি।
বুধবার খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ওই দিন খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাংসদ মিজানুর রহমান এসব কথা বলেছেন।
মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনায় সাম্প্রতিক সময়ে হানাহানির ঘটনা ঘটছে। দ্বন্দ্বের জেরে সর্বশেষ প্রাণ গেছে পথচারী এক নারীর। এ বিষয়ে গত বুধবার প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়।
নগর আওয়ামী লীগের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংসদ মিজানুর রহমান প্রথম আলোতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কোনো মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আমার বা আওয়ামী লীগের সদস্য হতে পারে না। যারা মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে আমাদের কারোর কোনো সম্পর্ক বা পরিচয় নেই।’
সংশোধনী
প্রথম আলোর প্রতিবেদনে অসাবধানবশত মো. মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন বলে উল্লেখ করা হয়েছে। আসলে তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী ছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির (জেপি) রাশিদা করিম (প্রতীক-বাইসাইকেল)। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। বা.স.