প্রথম আলোর বাউফল প্রতিনিধির জামিন লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর পটুয়াখালীর বাউফল প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানের বিরুদ্ধে পটুয়াখালী দ্রুত বিচার আদালতে দায়ের করা চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলায় আদালত তাঁকে স্থায়ী জামিন দিয়েছেন। গতকাল সোমবার ওই আদালতে মিজানুর রহমান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক তপন রায় তাঁকে স্থায়ী জামিন দেন।
গত ২৬ মে মামলাটি দায়ের করেন বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন হাওলাদার। এই মামলার দুজন আসামির অপরজন হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপনাট্য ও বিতর্কবিষয়ক সম্পাদক বাবর ভূঁইয়া।
মামলার আরজিতে বলা হয়েছে, ঘটনার দিন বাদী শাহীন হাওলাদার তাঁর ঠিকাদারি কাজ তদারকি করতে সাক্ষী আহসানকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলে আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় পৌঁছান৷ এ সময় আসামিরা অপর একটি মোটরসাইকেল দিয়ে তাঁদের গতি রোধ করে বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় ত্রাস সৃষ্টি করে মোটরসাইকেলের যন্ত্রাংশ ভাঙচুর করা হয়। একপর্যায়ে পিস্তল বের করে গুলি করার হুমকি দিয়ে নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেওয়া হয়।
গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মিজানুর রহমান। শুনানির পর আদালতের বিচারক মিজানুর রহমানকে স্থায়ী জামিন দেন। মিজানুরের পক্ষের আইনজীবী ছিলেন আবদুল হালিম, নজরুল ইসলাম, উজ্জ্বল বোস, রেজাউল করিম, লুৎফর রহমান এবং জি এম জহিরুল ইসলাম।
প্রসঙ্গত, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা কাজ না করে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন বলে সম্প্রতি অভিযোগ ওঠে। এ নিয়ে ২৪ মে প্রথম আলোতে ‘বাউফলে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প: কাগজে আছে, বাস্তবে নেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষমতাসীন দলের লোকজন ক্ষুব্ধ হয়ে মিজানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাটি দায়ের করেন।