প্রথম আলোর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জাির করা হয়েছে। চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলায় গতকাল সোমবার আদালত তাঁর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷
সাংবাদিক মিজানকে হয়রািন ও মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ তুলে ও তার প্রতিবাদে পটুয়াখালী, বাউফল (একাংশ), কলাপাড়া, আমতলী ও গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
গত ২৬ মে পটুয়াখালীর দ্রুত বিচার অপরাধ দমন আদালতে ওই মামলাটি দায়ের করেন জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শাহীন হাওলাদার। এই মামলায় দুজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ১ নম্বর আসামি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-নাট্য ও বিতর্কবিষয়ক সম্পাদক বাবর ভূঁইয়া ও অপরজন এ বি এম মিজানুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়, বাদী শাহীন হাওলাদার তাঁর ঠিকাদারি কাজ তদারকি করতে সাক্ষী আহসানকে নিয়ে মোটরসাইকেলে করে আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় পৌঁছান৷ এ সময় আসামিরা অারেকটি মোটরসাইকেল দিয়ে তাঁদের গতি রোধ করে বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় ত্রাস সৃষ্টি করে মোটরসাইকেলের যন্ত্রাংশ ভাঙচুর করেন। একপর্যায়ে পিস্তল বের করে গুলি করার হুমকি দিয়ে নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত তদন্ত সাপেক্ষে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। পুলিশ তদন্ত শেষে ৩ জুন আদালতে প্রতিবেদন জমা দেয়। গতকাল আদালত আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) অপরাধ আইনের ৪/৫ ধারায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জাির করেন। এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয় আগামী ২৪ জুন৷
সরকারদলীয় নেতা-কর্মীরা কাজ না করে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন বলে সম্প্রতি এলাকাবাসী অভিযোগ উত্থাপন করেন। এ নিয়ে ২৪ মে প্রথম আলোয় ‘বাউফলে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প কাগজে আছে, বাস্তবে নেই’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এতে ক্ষমতাসীন দলের লোকজন ক্ষুব্ধ হয়ে মিজানুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷
মিজানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে স্থানীয় সাংবাদিকেরা বলেন, সংবাদ প্রকাশের জের ধরে এরই মধ্যে মিজানকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন ও দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছেন ক্ষমতাসীন দলের লোকজন। তাঁরা পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন বাতিল করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।