প্রথম আলোর বাউফল প্রতিনিধির বিরুদ্ধে ফের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ এনে গত বুধবার বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম সিকদার বাদী হয়ে পটুয়াখালী জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন। ঘটনা তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার জন্য বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।
১৪ ডিসেম্বর প্রথম আলোতে ‘তিন হাজার একর খাসজমি আওয়ামী লীগ নেতাদের দখলে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের জের ধরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন মিজানুর রহমান।
এর আগে গত ২৪ মে প্রথম আলোতে ‘বাউফলে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প কাগজে আছে, বাস্তবে নেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ এনে গত ২৬ মে পটুয়াখালী দ্রুত বিচার আদালতে একটি মামলা করেন বাউফলের বগা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শাহীন হাওলাদার। পুলিশ তদন্ত শেষে গত ৩ জুন আদালতে প্রতিবেদন দাখিল করে। বর্তমানে মামলাটি বিচারাধীন।