প্রথম আলোর বিরুদ্ধে সুনামগঞ্জে দায়ের করা মামলা খারিজ
সুনামগঞ্জে প্রথম আলোর বিরুদ্ধে এক শিক্ষকের দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গত বুধবার সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের (সদর জোন) বিচারক মো. শহিদুল আমিন মামলাটি খারিজ করে দেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ অক্টোবর প্রথম আলোয় ‘সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়, পরীক্ষার অজুহাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় থেকে গত বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২৭৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এসব শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার প্রবেশপত্রের জন্য ২০০ টাকা করে নেওয়া হয়। এই টাকা দেওয়ার জন্য শিক্ষার্থীদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেন।
এই সংবাদ প্রকাশের দুই মাস পর ৩০ ডিসেম্বর মানহানির অভিযোগে সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান। মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াকুব বখ্ত ও সদস্য মুজিবুর রহমান পীরকে আসামি করা হয়।
মামলায় বাদী উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। প্রথম আলো পত্রিকায় খবরটি প্রকাশিত হওয়ায় তিনি হেয়প্রতিপন্ন হয়েছেন এবং দেশে-বিদেশে তাঁর সুনামহানি হয়েছে।
আদালত গত ১১ মে মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সুনামগঞ্জ সদর থানার পুলিশকে নির্দেশ দেন। পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত গত বুধবার মামলাটি খারিজ করে দেন। আদালত আদেশে উল্লেখ করেন, তদন্ত প্রতিবেদন ও নালিশকারীর দরখাস্ত পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা বিদ্যমান নেই মর্মে প্রতীয়মান হওয়ায় নালিশি দরখাস্ত নথিভুক্ত করা হলো।