প্রথম আলোর সংবাদ প্রসঙ্গ একনেকে
প্রথম আলোয় প্রকাশিত ‘পাঁচ সচিবের পর আরও ১৬’ শিরোনামের খবরের প্রসঙ্গ উঠেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভার শেষ দিকে পরিকল্পনাসচিব ভুঁইয়া সফিকুল ইসলাম নিজ উদ্যোগেই বক্তব্য দেন।
এ সময় তিনি গতকাল প্রথম আলোয় প্রকাশিত সংবাদটি দেখিয়ে বলেন, ‘আমাদের তো মানসম্মান সব গেল। যখন চাকরিতে প্রবেশ করেছিলাম, তখন মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা (ডাউনগ্রেডেড) দেওয়া হতো না। তাই সনদ দেওয়া হয়নি।’
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনার সময়ে ১৯৯৭ সালে আমি মুক্তিযোদ্ধা সনদ পেয়েছিলাম। আমার নাম মুক্তিবার্তা পত্রিকায়ও রয়েছে।’
এ সময় পরিকল্পনা সচিবকে থামিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রথম আলোর বিরুদ্ধে মামলা করেন।
উল্লেখ্য, প্রথম আলোয় প্রকাশিত ওই সংবাদে বলা হয়, চাকরিতে প্রবেশের সময় মুক্তিযোদ্ধা ঘোষণা না দিয়েও ১৬ জন সচিব এ সনদ নিয়েছেন। এর মধ্যে পরিকল্পনাসচিবের নাম রয়েছে।