প্রথম আলোর সংবাদ বিষয়ে সংসদে কৃষিমন্ত্রীর বিবৃতি
কলের লাঙলে সরকারের ভর্তুকির টাকা নিয়ে গত ২৭ মে প্রথম আলোয় প্রকাশিত সংবাদ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে মন্ত্রী এসব মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, সংবাদটি প্রকাশের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি করা হয়। ২ ও ৩ জুন তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন করে। তখন প্রথম আলোর সংবাদদাতাকে কমিটি ডাকলেও তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে আসেননি। তিনি বলেন, তদন্ত কমিটি ওই সংবাদের সত্যতা পায়নি। প্রকৃত কৃষকের কাছেই কলের লাঙল দেওয়া হয়েছে। ভর্তুকির টাকা কারও পকেটে যায়নি।
কৃষিমন্ত্রী বলেন, ‘প্রথম আলো পত্রিকায় সংবাদটির প্রতিবাদ পাঠানো হয়েছে। কিন্তু পত্রিকাটি তাদের সুবিধামতো তিন-চার লাইনের বেশি প্রতিবাদ ছাপে না বলে সংসদে এই বিবৃতি দিচ্ছি।’ তিনি বলেন, প্রথম আলোর সারা দেশে বহু পাঠক আছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু কলম থাকলেই মিথ্যা কথা লেখা সাংবাদিকতার নীতিমালাবিরোধী।
প্রথম আলোর বক্তব্য: সংসদে কৃষিমন্ত্রীর বিবৃতির পরে আমরা ঝিনাইদহ প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছি। তিনি জানান, প্রথম আলোর সংবাদটি সঠিক ও তথ্যভিত্তিক। তা ছাড়া কৃষি মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির কেউ তাঁর কাছে আসেননি বা ডাকেননি।
এ বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে অনুসন্ধান করে প্রতিবেদন প্রকাশ করা হবে।