প্রথম আলোর সাংবাদিককে পেটালেন এক চিকিৎসক

সংবাদ প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে এক চিকিৎসকের হামলার শিকার হয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল৷ গতকাল মঙ্গলবার রাজধানীর জেড এ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক বিভাগের প্রধান সফিউল আজম তাঁকে ডেকে নিয়ে আটকে রেখে কয়েক দফা বেধড়ক মারধর করেন৷
আহত শিশির মোড়ল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আছেন৷ তিনি বাদী হয়ে গতকাল হাজারীবাগ থানায় একটি মামলা করেছেন৷
একটি সংবাদ প্রতিবেদনের জন্য গত রোববার সফিউল আজমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন শিশির মোড়ল৷ তিনি টেলিফোনে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান, একই সঙ্গে সশরীরে হাসপাতালে গিয়ে যোগাযোগ করতে বলেন৷ সেই অনুযায়ী গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওই হাসপাতালের নিচতলায় ১০১ নম্বর কক্ষে সফিউল আজমের কাছে যান তিনি৷ আজম প্রশ্ন করেন, কেন এসেছেন? এ সময় শিশির ওই চিকিৎসককে বলেন, ‘আপনি নিজের ভিজিটিং কার্ড ও সাইনবোর্ডে একাধিক পদবি ব্যবহার করছেন এবং সরকারি চাকরি ছেড়ে না দিয়ে বেসরকারি হাসপাতালে পূর্ণকালীন চাকরি নিয়েছেন। আপনি কখনো সহকারী অধ্যাপক, কখনো সহযোগী অধ্যাপক, আবার কখনো শুধু অধ্যাপক পদবি ব্যবহার করছেন বলে আমাদের কাছে তথ্য-প্রমাণ আছে। এ বিষয়ে আপনার বক্তব্য জানতে এসেছি৷’
এ কথা শুনেই সফিউল আজম ক্ষিপ্ত হয়ে উঠে তাঁকে প্রথমে মাথায় ঘুষি মারেন। এরপর চড়-থাপড়, কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করেন। ওই চিকিৎসক চেঁচামেচি করে হাসপাতালের অন্যদেরও ডাকেন। এ সময় সেখানে এসে আরও কয়েকজন শিশির মোড়লকে জোর করে ধরে নিয়ে পাশের একটি কক্ষে আটকে রাখেন৷ তাঁর পকেট থেকে মুঠোফোন, পরিচয়পত্র ও মানিব্যাগ কেড়ে নেওয়া হয়। সেই কক্ষে নেওয়ার পর সফিউল আজম এবং হাসপাতালের কর্মী আবু সুফিয়ান তাঁকে কয়েক দফা মারধর করেন। একপর্যায়ে শিশির মোড়ল একজনের সহায়তায় ঘটনাটি মুঠোফোনে সহকর্মীদের জানান। সহকর্মীরা হাজারীবাগ থানায় ফোন করলে পুলিশের উপপরিদর্শক (এসআই) সুখেন চন্দ্র সরকার সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করেন। সে সময়ই সফিউল আজম একটি স্ট্যাম্পে শিশির মোড়লের সই নেন৷
জানতে চাইলে উপপরিদর্শক সুখেন চন্দ্র প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে দেখি শিশির মোড়ল কাঁপছিলেন৷ তাঁকে দিয়ে একটি স্ট্যাম্পে সই নেওয়া হচ্ছে৷’ সুখেন তাঁকে নিয়ে হাসপাতালের বাইরে এসে গাড়িতে তুলে দেন৷
শিশির মোড়ল বলেন, ‘প্রায় আড়াই ঘণ্টা ধরে তাঁরা কিল-ঘুষি-লাথি মেরে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। আমাকে ওই চিকিত্সক গুলি করে মেরে ফেলার হুমকি দেন। আমাকে তাঁরা বলেন, “তোর এত বড় সাহস। তোকে মেরে ফেললেও কেউ কিছু বলতে পারবে না”।’
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মইনুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷
ঘটনা সম্পর্কে সফিউল আজমের বক্তব্য জানার চেষ্টা করা হলেও ঘটনার পর তাঁকে পাওয়া যায়নি৷ তাঁর দুটি মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে৷ অন্যদিকে শিকদার মেডিকেলে যোগাযোগ করা হলেও কেউ বক্তব্য দিতে চাননি৷ হাসপাতালের চেয়ারম্যান দেশের বাইরে আছেন বলে জানানো হয়৷
নিন্দা ও কর্মসূচি: শিশির মোড়লের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ৷ বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম এ আজিজ এবং ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক যৌথ বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা নিয়মে পরিণত হয়েছে৷ সম্প্রতি গণমাধ্যমকর্মীদের ওপর একশ্রেণীর চিকিৎসকের অপেশাদার ও আগ্রাসী আচরণের অবসান কামনা করেন তাঁরা৷
স্বাস্থ্য খাতবিষয়ক প্রতিবেদকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ ও সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সুমন এক বিবৃতিতে হামলাকারী চিকিৎসকদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন৷ ফোরামের পক্ষ থেকে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে৷ বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেছে৷