প্রথম আলোর সাংবাদিককে হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে গত মঙ্গলবার রাতে আবু সুফিয়ান ফকির (৩০) নামের এক ব্যক্তিকে পুলিশ মাদক বিক্রির সময় গ্রেপ্তার করেছে। সুফিয়ান প্রথম আলোর অভয়নগর উপজেলা প্রতিনিধি মাসুদ আলম হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত আসামি।
পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা সদর নওয়াপাড়ার নূরবাগ এলাকার রেললাইনের ওপর সুফিয়ান মাদক বিক্রি করছিলেন। এ সময় তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সুফিয়ানের বিরুদ্ধে অভয়নগর থানায় দুটি হত্যা, একটি হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। তিনি প্রথম আলোর অভয়নগর উপজেলা প্রতিনিধি মাসুদ আলম হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত আসামি। গতকাল বুধবার তাঁকে আদালতে নেওয়া হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সুফিয়ান উপজেলার ধোপাদী গ্রামের ওমর আলী ফকিরের ছেলে।
সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি-২) আওতায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রশমনে ঝুঁকিহ্রাস প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ নিয়ে মাসুদ আলমের একটি অনুসন্ধানী প্রতিবেদন ২০১৩ সালের ২০ মার্চ প্রথম আলোয় প্রকাশিত হয়। উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ কুমার বিশ্বাস ওই বছরের ২৮ মার্চ মাসুদ আলমের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেন। আবু সুফিয়ান ফকিরের নেতৃত্বে সন্ত্রাসীরা উপজেলার ধোপাদী গ্রামে উলুরবটতলা এলাকায় মাসুদ আলমের বাঁ হাত ও বাঁ পা ভেঙে দেয়। এ ঘটনায় পরদিন চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাসকে প্রধান আসামি এবং আবু সুফিয়ান ফকির ও তাঁর সহযোগীদের আসামি করে মাসুদ আলমের বড় ভাই নূর আলম অভয়নগর থানায় একটি মামলা করেন। প্রথমে অভয়নগর থানা-পুলিশ মামলাটি তদন্ত করে। এর এক মাস পর মামলাটির তদন্তভার যশোর গোয়েন্দা পুলিশের ওপর ন্যস্ত করা হয়। যশোর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুনসী আবু কুদ্দুছ মামলাটি তদন্ত করে পরিতোষ কুমার বিশ্বাস, আবু সুফিয়ান ফকির ও তাঁর সহযোগীদের অভিযুক্ত করে ২০১৩ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।
অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দীন বলেন, ‘সুফিয়ান একজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। মাদক বিক্রির সময় তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা, একটি হত্যাচেষ্টাসহ চারটি মামলা রয়েছে।’