প্রথম আলোর সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর পটুয়াখালীর বাউফল প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দেওয়া হয়েছে। গত সোমবার পটুয়াখালী দ্রুত বিচার অপরাধ দমন আদালতে মামলাটি দায়ের করেন বাউফল উপজেলার বগা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শাহীন হাওলাদার।
আদালতের বিচারক মামলার আরজি পাওয়ার পর তদন্ত সাপেক্ষে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বাউফল থানার ওসি নির্দেশ দিয়েছেন। বাউফল প্রেসক্লাবের একাংশের সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক জলিলুর রহমান এক বিবৃতিতে এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা কাজ না করেই বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন বলে সম্প্রতি এলাকাবাসী অভিযোগ উত্থাপন করেন৷ এ নিয়ে ২৪ মে প্রথম আলোয় ‘বাউফলে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প, কাগজে আছে, বাস্তবে নেই’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।