প্রথম আলোর সাংবাদিকের মোটরসাইকেল চুরি
রাজধানীর আসাদগেটের আড়ংয়ের সামনে থেকে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক শরিফুল হাসানের মোটরসাইকেলটি চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে।
শরিফুল হাসান জানান, ইফতারের পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি তাঁর গ্ল্যামার মোটরসাইকেলটি (ঢাকা-মেট্রো-হ-৩৫-১৭৩৬) আড়ংয়ের প্রধান ফটকের সামনে রেখে দ্বিতীয় তলায় ঢোকেন। কিছুক্ষণ পর তিনি অফিসে যাওয়ার জন্য নিচে নেমে দেখেন, মোটরসাইকেলটি নেই। তিনি আড়ংয়ের নিরাপত্তাপ্রহরীদের ঘটনা জানালে তাঁরা বলেন, রাস্তায় রাখা মোটরসাইকেলের নিরাপত্তা তাঁরা দেন না। পরে তিনি আড়ংয়ের ওই শাখার ব্যবস্থাপক এবং রাস্তায় থাকা টহল পুলিশকে ঘটনা জানান। পরে তিনি মোহাম্মদপুর থানায় গিয়ে এ ব্যাপারে মামলা করেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, পুলিশ মোটরসাইকেলটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছেন।