প্রথম আলোয় আলোকিত হওয়ার প্রত্যয়
জ্ঞানের ক্ষুধা পূরণ করতে এবং সমাজকে পরিবর্তন করতে পাঠ্যপুস্তকের বাইরে সংবাদপত্রের কোনো বিকল্প নেই। সে জন্য বস্তুনিষ্ঠ সংবাদপত্র হিসেবে প্রথম আলোর মাধ্যমে আলোকিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করল খুদে শিক্ষার্থীরা।
গতকাল সোমবার নওগাঁর ধামইরহাট উপজেলার চকময়রামপুর মডেল উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে প্রথম আলো বিতরণের সময় শিক্ষার্থীরা এ প্রত্যয় ব্যক্ত করে।
‘শিক্ষার মাধ্যম হিসেবে সংবাদপত্র’ স্লোগান নিয়ে গত ২১ মে থেকে নওগাঁর ধামইরহাট উপজেলার চকময়রামপুর মডেল উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়, নিয়ামতপুর মডেল উচ্চবিদ্যালয়, নিয়ামতপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং নিয়ামতপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে প্রথম আলো পত্রিকা বিতরণ করা হচ্ছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় এ কার্যক্রম চালাচ্ছে প্রথম আলো। এ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল চকময়রামপুর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে প্রথম আলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল-ই রাব্বানী। এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসেন আহমেদ, প্রথম আলোর সহকারী মহাব্যবস্থাপক (সার্কুলেশন) সুব্রত শীল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার সামি আল হাফিজ প্রমুখ।
ইউএনও হোসেন আহমেদ বলেন, পাঠ্যপুস্তকের বাইরে সংবাদপত্র মানুষের জ্ঞানের ক্ষুধা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। বিনা মূল্যে শিক্ষার্থীদের মাঝে পত্রিকা বিতরণের জন্য তিনি প্রথম আলো ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে ধন্যবাদ জানান। সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কর্মকাণ্ড আরও বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অভিভাবকেরা প্রথম আলোর এ উদ্যোগকে স্বাগত জানান এবং তা সচল রাখার আহ্বান জানান।