প্রথম আলো-আরডিএস বিতর্ক উত্সব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইতিহাস সৃষ্টির অন্বেষায়’ স্লোগান সামনে নিয়ে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আজ বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘প্রথম আলো-আরডিএস’ পঞ্চম জাতীয় বিতর্ক উত্সব-২০১৪। উত্সবের শুরুতেই শিশুদের ১৪টি দল, ৩২টি স্কুল ও ২৪টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়ে বিতর্ক জমিয়ে তোলে।
রেমিয়ান্স ডিবেটিং সোসাইটি আয়োজিত এই উত্সবের উদ্বোধন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। তিনি বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ টেনে বলেন, ‘তোমরা কি জানো নেইমারের প্রিয় খেলোয়াড় মেসি, আর মেসি বলেছেন এবার জিতবে ব্রাজিল। এঁরা কিন্তু মারামারি করেন না। এ নিয়ে মারামারি হয় এ দেশে৷ এ নিয়ে নীলফামারীতে মারামারিতে একজন নিহত হয়েছেন।’
আনিসুল হক উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, হাসিমুখে পরাজয় মেনে নেওয়া শিখতে হবে। পরাজয় মেনে নিতে পারলে আজ বাংলাদেশ এমন থাকত না।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ সুলতান উদ্দিন আহমেদ বলেন, বিতর্কের মধ্য দিয়ে যারা ভালো বক্তা হয়, তারা ভবিষ্যতেও ভাল করে। তাই বিতর্ক অনুষ্ঠান আয়োজন খুবই প্রয়োজন।
অনুষ্ঠানের আহ্বায়ক রেসিডেনসিয়াল মডেল কলেজের আরেক উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম বলেন, তর্ক করা ভালো নয়, তবে বিতর্ক করা ভালো। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি জালাল মো. আশফাক।
আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী এই বিতর্ক উত্সবে শিশু বিতর্ক, স্কুল ও কলেজ বিতর্ক, ইংরেজি বারোয়ারি, প্রদর্শনী বিতর্ক ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হবে। উত্সব শেষ হবে ২৮ জুন।
চলমান এ বিতর্ক উত্সবে সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ।