প্রথম আলো এক বিশাল পরিবারের প্রতিনিধিত্ব করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো এক বিশাল পরিবারকে প্রতিনিধিত্ব করে। পরিবারের সবাই এই পত্রিকা পড়ে। বিশেষ করে তরুণদের প্রিয় পত্রিকা প্রথম আলো। তাই এই পত্রিকার কাছে সবার প্রত্যাশা বেশি। দেশ-জাতির এই প্রত্যাশা ধারণ করে প্রথম আলোকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।গতকাল বুধবার সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে প্রথম আলো আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শিক্ষাবিদ পরিমল কান্তি দে বলেন, প্রথম আলোর প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। এই আস্থা-বিশ্বাস ধরে রাখতে হবে। দেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে প্রথম আলোকে আরও সাহসী ভূমিকা রাখতে হবে।নারীনেত্রী শীলা রায় বলেন, দেশের কৃষিকে যেন প্রথম আলো আরও বেশি গুরুত্ব দেয়। তিনি নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রথম আলোর সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।জেলা আইনজীবী সমিতির সভাপতি রইছ উদ্দিন আহমদ বলেন, ‘প্রথম আলোয় রাজনৈতিক বিশ্লেষণধর্মী খবর আরও বেশি করে চাই। এ জন্য প্রতি সপ্তাহে একটি পাতা বরাদ্দ রাখা যেতে পারে।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিক চৌধুরী বলেন, প্রথম আলো যেন সবার মতকে সম্মান দেখায়। দেশ ও জাতির স্বার্থকে সব সময় গুরুত্ব দেয়। প্রথম আলোর অগণিত পাঠক সেটাই প্রত্যাশা করে।শিক্ষাবিদ মকবুল হোসেন বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলের ফসলহারা কৃষকদের পাশে প্রথম আলোকে দাঁড়াতে হবে। ফসলরক্ষা বাঁধ নিয়ে যে দুর্নীতি হয়, তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে লিখতে হবে।সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল বলেন, সুনামগঞ্জের শিল্প বিকাশে প্রথম আলোকে ভূমিকা রাখতে হবে। উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান ও হেলিনা আক্তার বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে যেন প্রথম আলো ভূমিকা রাখে। পাঠক ও শুভানুধ্যায়ীদের বিভিন্ন বক্তব্য ও জিজ্ঞাসার জবাবে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘প্রথম আলো মনে করে, পাঠকই প্রথম আলোর প্রাণ। আজ আপনারা যে মতামত ও পরামর্শ দিলেন, তা প্রথম আলোর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম আলো যেকোনো সময় যেকোনো পরামর্শ সাদরে গ্রহণ করবে। আমরা সব সময় আপনাদের পাশে চাই।’মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম, আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, শিক্ষাবিদ দিলীপ কুমার মজুমদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুমায়ূন কবির জাহানুর প্রমুখ।সভার শুরুতেই প্রথম আলোর ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সভা সঞ্চালনা করেন প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান। পুরো অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা।