‘প্রথম আলো আজ শুধু একটি পত্রিকার নাম নয়, একটি সামাজিক আন্দোলনের নাম। এই আন্দোলন সুখী-সুন্দর বাংলাদেশ গড়ার জন্য।’প্রথম আলোর যুগপূর্তি উপলক্ষে গতকাল শনিবার পশ্চিমবঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শান্তিনিকেতনের সংগীত ভবনের উপাধ্যক্ষ তারক সেনগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক স্বস্তিকা মুখোপাধ্যায় ও নিখিল রঞ্জন রায়। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে আসা ছাত্র বুলবুল আহমেদ।তারক সেনগুপ্ত প্রথম আলোর ভূয়সী প্রশংসা করে বলেন, ‘প্রথম আলো বাংলা সংবাদপত্রের জগতে নতুন মাত্রা এনেছে।’ অন্যরা বলেন, একটি সংবাদপত্রের যুগপূর্তি অনুষ্ঠানই জানিয়ে দেয়, সত্যিই সেই সংবাদপত্রটি পাঠকের মন জয় করেছে। প্রথম আলো দেশকে ভালোবাসার স্লোগান দিচ্ছে। দেশকে ভালোবাসার পথই একটি জাতিকে আরও সমৃদ্ধ করতে পারে।অনুষ্ঠানে কলকাতা প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ণিকা রুদ্র, সহসভাপতি শফিকুল ইসলাম, প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহা বক্তব্য দেন।আলোচনা সভা শেষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন নুসরাত বিনতে নূর, কর্ণিকা রুদ্র, বীথি পান্ডে, শম্পা রায়, ইন্দ্রানী মোদক, তানজিহা মাহবুব ও শামছুন্নাহার শবনম। নৃত্য পরিবেশন করেন প্রিয়াঙ্কা বসাক। স্বরচিত কবিতা আবৃত্তি করেন হরষিত কুমার মণ্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিয়াংকা সাহা।