প্রথম আলো এগিয়ে চলুক
প্রথম আলো একটি আলোকবর্তিকা। যার মাধ্যমে মানুষ, সমাজ ও দেশ আলোকিত হচ্ছে। এ দৈনিকটি শুধু সংবাদ পরিবেশন করেই দায়িত্ব শেষ করে না, সমাজ উন্নয়নে নানা ধরনের ভূমিকা রেখে চলেছে। একটি পত্রিকা যে সমাজের সব শ্রেণির মানুষের নির্ভরতার জায়গা হতে পারে, তা প্রথম আলো প্রমাণ করেছে। প্রথম আলোর এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক যুগ যুগ।
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে দেশের ৮৭টি জায়গায় গতকাল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসব কর্মসূচি পালনে সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে আলোচনা সভা হয়। জেলা সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা দেবে—এমন অর্ধশত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে মুন্সিগঞ্জ শহর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র কবি, অভিনেতা ও সংগীতশিল্পী সুবর্ণ কাজী। তিনি বলেন, প্রথম আলো এগিয়ে চলুক, সত্য কথা বলুক। তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যখনই আসি, তখন একটি পত্রিকা খুঁজে কিনে নিই, সেটা হচ্ছে প্রথম আলো।’ আলোচনা সভায় অন্যদের মধ্যে উপসচিব সাখাওয়াত শাওন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফজলে আজিম, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ: বিকেল চারটায় জেলা শহরের বিজয় মেলা মাঠে অবস্থিত শহীদ মিনার থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসকের কার্যালয় হয়ে শোভাযাত্রাটি আবার শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভায় প্রথম আলো বন্ধুসভার সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন ধলেশ্বরী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আজাহারুল ইসলাম, পরিবেশকর্মী দীপক ঘোষ, সমাজকর্মী ইকবাল হোসেন, শাখাওয়াত হোসাইন খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উদীচী জেলা শাখার সভাপতি গাজী ওয়াজেদ আলম, কৃষক শরীফ আলী প্রমুখ। সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে বন্ধুসভার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নজরুল ও রবীন্দ্রসংগীত পরিবেশন করেন মানিকগঞ্জ বন্ধুসভার সদস্যরা।
নারায়ণগঞ্জ: বেলা তিনটায় নগরের বঙ্গবন্ধু সড়কে জেলা সাংবাদিক ইউনিয়নের সামনে আলোচনা হয়। প্রথম আলোকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, আওলাদ হোসেন, আহসান সাদিক। তরুণ পাঠকদের মধ্য থেকে বক্তব্য দেন জাহানারা শর্মিলা, সাব্বির আল ফাহাদ, মিরাজ হোসেন। সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি আবৃত্তি করেন বাপন সাহা। সংগীত পরিবেশন করেন কিশোর মল্লিক ও অর্পিতা মল্লিক।
নরসিংদী: বিকেল পৌনে চারটায় পশ্চিম ব্রাহ্মন্দী খালপাড়া এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে নরসিংদী সরকারি কলেজের শহীদ মিনার এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। নরসিংদী বন্ধুসভার সভাপতি রায়হানা সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন লেখক ও গবেষক সরকার আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন, নরসিংদী সরকারি কলেজের শিক্ষক মো. সোহরাওয়ার্দী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাখন দাস প্রমুখ।