প্রথম আলো কার্যালয়ে আনসার কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো কার্যালয় পরিদর্শন করলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তারা।
‘মৌলিক প্রশিক্ষণ এবং গ্লোবালাইজেশন, মিডিয়া অ্যান্ড হিউম্যান সিকিউরিটি’ কোর্সের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁরা প্রথম আলোর কার্যালয় পরিদর্শন করেন। এ সময় পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে তাঁরা মতবিনিময় করেন। কোর্স অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে ২১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এই মতবিনিময়ে অংশ নেন। তাঁদের সঙ্গে ছিলেন কোর্স কো-অর্ডিনেটর আমমার হোসেন ও কোর্স অ্যাডজুট্যান্ট ফারুক আহম্মেদ।
মতবিনিময়ের শুরুতে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৈরি দুটি তথ্যচিত্র প্রদর্শন করার পাশাপাশি পত্রিকার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করা হয়। পরে তাঁদের নানা প্রশ্নের উত্তর দেন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকেরা।
রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশব্যাপী কার্যক্রম এবং বিদ্যমান সমাজবাস্তবতায় বাহিনীর সদস্যদের ভূমিকা ও করণীয় সম্পর্কে আলোচনা করেন। গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারেও জোর দেন তিনি। তিনি বলেন, প্রত্যন্ত এলাকাগুলোতে ছড়িয়ে থাকা বাহিনীর সদস্যদের সাফল্যের কথা যদি প্রথম আলোর পাতায় আসে, তাহলে সেটা তাঁদের জন্য খুব উদ্দীপনার হবে।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ প্রশিক্ষণ কার্যক্রমে প্রথম আলোকে বেছে নেওয়ার জন্য উপস্থিত কর্মকর্তাদের ধন্যবাদ জানান। আলোচনায় বিশেষ করে দেশের ক্রীড়াক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অসামান্য অবদানের কথা উঠে আসে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর পরামর্শক সম্পাদক কামাল আহমেদ, ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র ও ফিচার সম্পাদক সুমনা শারমীন।