প্রথম আলো এ দেশের গণমানুষের পত্রিকা। এ পত্রিকার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। এ পত্রিকার দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে। তাই প্রথম আলোকে আরও সতর্কতার সঙ্গে পথ চলতে হবে।সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলো আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ কথাগুলো বলেছেন। কবি শুভেন্দু ইমাম বলেন, ‘আমরা চাই, প্রথম আলো বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে।’সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শহীদুল আলম বলেন, ‘এই দশকের অন্যতম জনপ্রিয় স্লোগান হচ্ছে ‘বদলে যাও, বদলে দাও’। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. মতিয়ার রহমান হাওলাদার দুর্নীতির বিরুদ্ধে আরও বেশি লেখার আহ্বান জানান। সিপিবির সিলেট জেলা শাখার সভাপতি বেদানন্দ ভট্টাচার্য বলেন, ‘আমরা চাই, এ পত্রিকায় ধনিক শ্রেণীর লুটপাটের কাহিনি উঠে আসুক।’শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু আউয়াল মো. শোয়েব বলেন, ‘ইভ টিজিং নিয়ে জাতীয়ভাবে প্রথম আলো জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে পারে।’বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের প্রধান নির্বাহী শামসুল আলম বলেন, প্রথম আলোর দায়িত্ব হচ্ছে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনাগুলোকে ব্যাপকভাবে জনসমক্ষে তুলে ধরা।’খেলাঘর সিলেটের সভাপতি পুরঞ্জয় চক্রবর্তী বলেন, ‘শিশুদের নিয়ে আরও বেশি বেশি আয়োজন থাকা উচিত।’সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ বলেন, ‘মফস্বলের ইতিবাচক ও সংস্কৃতির খবর আরও বেশি করে ছাপা উচিত।’সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ বলেন, ‘সিলেট অঞ্চলের সংবাদ আরও বেশি করে ছাপা উচিত। এখানকার সমস্যা-সম্ভাবনাগুলোকে আরও বেশি করে প্রাধান্য দেওয়া উচিত।’অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে সমাপনী বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বলেন, ‘প্রথম আলো পাঠকদের চাহিদার কথা সব সময় গুরুত্ব দিয়ে থাকে। আমরা অসাম্প্র্রদায়িক ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে তরুণদের উৎসাহিত করি।’তিনি বলেন, ‘প্রথম আলো নিরপেক্ষ একটি পত্রিকা। তবে এটা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। কারণ, আমরা প্রথমেই মুক্তিযুদ্ধ, প্রগতি, স্বাধীনতা, গণতন্ত্র ও আলোকিত বাংলাদেশের পক্ষে। মৌলবাদের প্রশ্নে আমরা নিরপেক্ষ নই। আমরা এদের বিরুদ্ধে।’মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ, শহীদুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী, নাট্যব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য, সিলেট প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেটের প্রথম আলো নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী ও বন্ধুসভা সিলেটের সভাপতি মাহবুবুর রহমান। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা।