প্রথম আলো গাড়িতে বহন বন্ধের হুমকি সৈয়দপুরের মেয়রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ প্রকাশ করায় প্রথম আলো পত্রিকা বহন বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন পৌরসভার মেয়র ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে নীলফামারী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।লিখিত বক্তব্যে মেয়র বলেন, গত ১১ এপ্রিল প্রথম আলোতে প্রকাশিত ‘নৌপরিবহনমন্ত্রীকে সংবর্ধনায় ৮৪ তোরণ, সঙ্গে সোনার চেইন’ শিরোনামের প্রতিবেদনে ও ১৩ এপ্রিল ‘তিনি কেন তোরণমন্ত্রী হলেন না’ শিরোনামের সম্পাদকীয়তে নৌপরিবহনমন্ত্রী ও নীলফামারী জেলার পরিবহন শ্রমিকদের হেয় করা হয়েছে।মেয়র বলেন, ‘আমরা এবং আমাদের শ্রমিক সংগঠনগুলো অতি উৎসাহী হয়ে গণসংবর্ধনাকে স্মরণযোগ্য করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি করিনি। মন্ত্রীকে সম্মানিত করে এ অঞ্চলের কিছু উন্নয়ন হলে সবারই মঙ্গল।’প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধিকে ‘ব্ল্যাকমেইলার’ (ঠগবাজ) উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, এ জন্য তাঁর বিপদের সম্ভাবনা আছে। পত্রিকায় প্রকাশিত ভুলগুলো দ্রুত সংশোধন করে ৭২ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় মোটর শ্রমিকেরা প্রথম আলো পত্রিকা গাড়িতে বহন করা থেকে বিরত থাকবেন।সংবাদ সম্মেলনে মেয়র দাবি করেন, সংবর্ধনায় ৮৪টি নয়, ২৪টি তোরণ নির্মাণ করা হয়েছিল। কোন কোন ব্যক্তি ও প্রতিষ্ঠান ওই তোরণগুলো নির্মাণ করে তার একটি তালিকাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। সোনার চেইন সম্পর্কে বলা হয়, মন্ত্রীর স্কুলপড়ুয়া মেয়ের জন্য পৌরপরিষদ ওই চেইন উপহার দেয়।মেয়রের দাবি, শোভাযাত্রায় মোটরগাড়ির সংখ্যা ছিল ১০৩টি, মোটরসাইকেল ১০০টি হতে পারে। মন্ত্রীর সফরসঙ্গী, ব্যবসায়ী ও আমন্ত্রিত স্থানীয় প্রশাসনের কর্মকর্তা মিলিয়ে মোট ১০৫ জন অতিথি নৈশভোজে অংশ নেন। এ ছাড়া কাজের লোক, বাড়ির লোক ছিল। সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি জাওয়াদুল হক সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।