প্রথম আলো-গ্রামীণফোন বিশ্বকাপ কুইজের মেগা ড্র
‘আমি বিশ্বাস করতে পারি নাই, আমি জিতে গেছি। এখনো বিশ্বাস হয় না, আমাদের দেশে বিশ্বকাপ হইছে। সেই বিশ্বকাপে আমি পুরস্কার জিতছি। এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন।’গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে প্রথম আলো-গ্রামীণফোন বিশ্বকাপ কুইজের মেগা ড্র। এই মেগা ড্রতে তৃতীয় পুরস্কার একটি এলসিডি টেলিভিশন জিতে যাত্রাবাড়ীর গৃহবধূ পারুল আক্তার এভাবেই তাঁর অনুভূতি প্রকাশ করেন। যাঁরা পুরস্কার জিততে পারেননি তাঁরাও বিজয়ীর নাম ঘোষণার সময় মুহুর্মুহু করতালি দিয়ে আনন্দ-উল্লাস প্রকাশ করছিলেন।মেগা ড্রয়ের প্রথম পুরস্কার একটি টয়োটা অ্যালিয়ন গাড়ি জেতেন পুরান ঢাকার ১৬/২ নম্বর তাঁতীবাজারের সিফাত আহমেদ এবং দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেল বিজয়ী রাজধানীর মোহাম্মদপুরের ১৩/২২ নম্বর শেখেরটেকের মোহাম্মদ সোহেল সিকদার। এবার চার পর্বে অনুষ্ঠিত প্রথম আলো-গ্রামীণফোন বিশ্বকাপ কুইজে ২০ লাখ পাঠক অংশগ্রহণ করেন। সঠিক উত্তরসংবলিত কুপন নিয়ে গতকাল অনুষ্ঠিত হয়েছে মেগা ড্র। সবগুলো সঠিক উত্তরসংবলিত কুপনও হয়েছে কয়েক বস্তা।সবগুলো বস্তাভর্তি কুপন প্রেসক্লাব মিলনায়তনে বিশাল একটি টেবিলে স্তূপ করে রাখা হয়। এই স্তূপ থেকে বিজয়ীদের কুপন তুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তারকা ক্রিকেটার শাহরিয়ার নাফীস ও মাহমুদুল্লাহ রিয়াদ। অবশ্য এই মেগা ড্র ছাড়াও গতকাল শুরুতেই চতুর্থ পর্ব ও উপস্থিত পাঁচ শতাধিক দর্শক নিয়ে তাৎক্ষণিক একটি ড্র অনুষ্ঠিত এবং পুরস্কার বিতরণও করা হয়। অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘প্রতিদিন পাঠকদের জন্যই আমরা কাগজ তৈরি করি। আমরা আপনাদের জন্য ক্রীড়া, রাজনীতি, সাহিত্যসহ প্রত্যেকটি বিভাগ বিশেষ যত্ন সহকারে প্রকাশ করি। আপনারা যখন আমাদের এমন আয়োজনে অংশ নেন এবং সাড়া দেন তখন আমরা খুবই অনুপ্রাণিতবোধ করি।’মতিউর রহমান বলেন, গবেষণায় এসেছে; দেশে ও দেশের বাইরে সব মিলিয়ে এখন প্রতিদিন প্রথম আলোর পাঠক ৫০ লাখ। এই পাঠকেরাই প্রথম আলোর সবচেয়ে বড় শক্তি। যা ভবিষ্যতেও প্রথম আলোকে অনুপ্রাণিত করবে। তিনি গ্রামীণফোনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘গ্রামীণফোন প্রথম আলোর বহু কাজের সঙ্গে জড়িত। গ্রামীণফোন শুধু খেলাধুলা নয়, দেশের বিভিন্ন কাজেও অংশগ্রহণ করছে।’গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির বলেন, ‘খেলাধুলার সঙ্গে আমরা সব সময় সম্পৃক্ত থাকতে পছন্দ করি। ফিফা বিশ্বকাপের সময়ও আমরা এ রকম কুইজের আয়োজন করেছিলাম। প্রথম আলো ও প্রথম আলোর পাঠকদের সঙ্গে আমরা থাকতে চাই।’ প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। বিজয়ী যাঁরা: অংশগ্রহণকারীদের টান টান উত্তেজনার মধ্যে প্রথম পুরস্কারের কুপনটি ক্রিকেট তারকা শাহরিয়ার নাফীস ও মাহমুদুল্লাহ রিয়াদ এক সঙ্গেই তুলেছেন। দ্বিতীয় পুরস্কার বিজয়ীর কুপনটি তুলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং ততৃীয় পুরস্কার বিজয়ীর কুপনটি তুলেছেন শাহরিয়ার নাফীস। এর আগে চতুর্থ পর্ব এবং উপস্থিত দর্শকদের অংশগ্রহণে দুটি পর্বের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ীদের নির্ধারণ করা হয়। চতুর্থ পর্বে প্রথম থেকে সপ্তম পর্যন্ত মোট পুরস্কার ছিল ১৩টি। এর মধ্যে প্রথম পুরস্কার একটি ল্যাপটপ জিতেছেন ঢাকার ২৩/২ ফ্রি স্কুল স্ট্রিটের মোহাম্মদ জহিরুল ইসলাম, দ্বিতীয় পুরস্কার একটি গ্যালাক্সি ট্যাব পেয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের মোহাম্মদ ছালে আহমদ এবং তৃতীয় পুরস্কার দুজনের সুন্দরবন ভ্রমণের সুযোগ পেয়েছেন ৮৬/এ যাত্রাবাড়ীর মোহাম্মদ নিজামউদ্দিন।চতুর্থ পুরস্কার একটি আইপড জিতেছেন রাঙামাটির লাভলু ত্রিপুরা। পঞ্চম পুরস্কার ক্যামেরা জিতেছেন যথাক্রমে সিলেটের তানজিনা রহমান ও ঢাকার মিরপুরের শ্যামলী পারভীন। ৬ষ্ঠ পুরস্কার ডিজিটাল ফটোফ্রেম জিতেছেন ঢাকার পূর্ব গোড়ানের মোহাম্মদ জাহিদ হোসেন ও বড় মগবাজারের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সপ্তম পুরস্কার মুঠোফোন জিতেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বি কে রায়, পাবনার গোপালপুরের সালেহা সুলতানা, ঢাকার বড় মগবাজারের রিতা আক্তার, ফেনীর নুরের রহমান এবং ঢাকার পূর্ব ধোলাইর পাড়ের তুষার কান্তি মজুমদার।এ ছাড়া উপস্থিত দর্শকদের তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় একটি রঙিন টেলিভিশন ও একটি ডিভিডি প্লেয়ার জিতেছে একই পরিবারের ছোট্ট দুই শিশু পুরান ঢাকার বংশালের তাসফিয়া ফারুকী ও তাহিসন ফারুকী। অবশ্য একই পরিবারে দুটি পুরস্কার চলে যাওয়ায় দর্শকদের জন্য এই পুরস্কার আরও দুটি বাড়িয়ে দেওয়া হয়। এই পুরস্কার জেতেন মোহাম্মদ আজাহার আলী ও শাহরিয়ার মাসুদ। আজ প্রথম আলোর কার্যালয় থেকে তাঁদের পুরস্কার নিতে বলা হয়েছে।