প্রথম আলো চর বিদ্যালয়ে জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের জেলা প্রশাসক এ বি এম আজাদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলো চর বিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি চরে ২০০ দুস্থের মধ্যে কম্বল বিতরণ করেন।
বেলা ১১টায় নৌকায় করে নদী ও দীর্ঘ বালুচর পেরিয়ে জেলা প্রশাসক প্রথম আলো চরে পৌঁছেন। এ সময় প্রথম আলো চর বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। তাঁরা ঘুরে ঘুরে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এ বি এম আজাদ বলেন, এ রকম একটি প্রত্যন্ত চরে বিদ্যালয় প্রতিষ্ঠা করে শত শত শিশুকে লেখাপড়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের সহধর্মিণী লায়লা আজাদ বলেন, ‘প্রথম আলো চরের নাম অনেক শুনেছি। দেখার ইচ্ছে ছিল। আজ সে ইচ্ছে পূরণ হলো।’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, দুর্গম চরে প্রথম আলো বিদ্যালয় প্রতিষ্ঠা করে চরাঞ্চলের মানুষকে আলোকিত করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুর রহমান ও ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক। চরবাসীর পক্ষে অতিথিদের শুভেচ্ছা জানান ফজল হোসেন ও সোবহান ব্যাপারী।
২০০৫ সালে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের দুর্গম চরটির নামকরণ করা হয় প্রথম আলো চর। ২০০৯ সালে প্রথম আলো ট্রাস্টের সহায়তায় শিশু শ্রেণী দিয়ে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে এই বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে।