প্রথম আলো চরে জমজমাট বৈশাখী মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের প্রথম আলো চরে প্রথমবারের মতো বৈশাখী মেলার আয়োজন করা হলে চরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সকাল থেকে বিভিন্ন বয়সের নারী–পুরুষ–শিশু সেজেগুজে মেলায় আসে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
কুড়িগ্রামের প্রথম আলো চরে প্রথমবারের মতো বৈশাখী মেলার আয়োজন করা হলে চরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সকাল থেকে বিভিন্ন বয়সের নারী–পুরুষ–শিশু সেজেগুজে মেলায় আসে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

কুড়িগ্রামের প্রথম আলো চরে দুই দিনব্যাপী বৈশাখী মেলা গতকাল বৃহস্পতিবার সকালে উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ। এ সময় প্রধান অতিথি ছিলেন ঘোগাদহ ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য দুলাল মিয়া।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রথম আলো চর বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুস সোবহান ব্যাপারী, সদস্য ফজলার রহমান, সহিদুল ইসলাম ও কুড়িগ্রামের প্রথম আলো প্রতিনিধি।
প্রথমবারের মতো চরাঞ্চলে এ রকম বৈশাখী মেলাকে কেন্দ্র করে চরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সকাল থেকে বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু, নানা রঙ্গের জামা-কাপড় পরে মেলায় আসে। সড়কগুলো লাল, নীল কাগজ দিয়ে সাজানো হয়। প্রধান অতিথিরা চরে পৌঁছালে তাঁদের কাগজের মালা দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বরণ করে নেয়। ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ইউএনও আমিন আল পারভেজ। এ সময় তিনি বলেন, ‘প্রথম আলো চরে না এলে বোঝা যেত না প্রকৃতি কত সুন্দর। চারদিক সবুজে ছেয়ে আছে। প্রথম আলো কর্তৃপক্ষ এবং ট্রাস্টকে ধন্যবাদ দিতে হয় এ রকম একটি স্থানে বিদ্যালয় প্রতিষ্ঠা করায়। এখন বিদ্যালয়টি শত শত শিক্ষার্থীর পদচারণে মুখর। এমন চরে বৈশাখী মেলা আশা করা যায় না। এ জন্য কুড়িগ্রাম প্রথম আলো প্রতিনিধি ও বন্ধুসভার সদস্যদের ধন্যবাদ জানাই।’
দুই দিনব্যাপী এ মেলা আগামীকাল শুক্রবার সন্ধ্যায় শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুড়িগ্রাম সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আমান উদ্দিন। মেলা উপলক্ষে বসে বিভিন্ন পণ্যের দোকান। দিনব্যাপী বিভিন্ন গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান হয়। শেষে স্থানীয় সংগঠন ‘ছায়া’ মেলা উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শন করে।