প্রথম আলো চরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আওতায় কুড়িগ্রামের সদর উপজেলায় প্রথম আলো চরে রাস্তা নির্মাণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার নির্মাণকাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর উপজেলা প্রকৌশলী মো. আবদুল আজিজ।
ডব্লিউএফপি ও বাংলাদেশ সরকার যৌথভাবে এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণ করছে। চরের ৫০০ দরিদ্র মানুষ রাস্তায় কাজ করবেন। স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম জানান, এটি নির্মিত হলে প্রথম আলো চর বিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্যার সময় সহজে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে।
জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে প্রথম আলো চর। ২০০৫ সালে স্থানীয় মানুষ চরের নাম দেন প্রথম আলো। সেই সময় এখানে পরিবারের সংখ্যা ছিল ১৬টি। এখন তা বেড়ে ৩৭০টি হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে চরে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। নাম প্রথম আলো চর বিদ্যালয়।
রাস্তা উদ্বোধনের সময় কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেকের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে ডব্লিউএফপির রংপুর অঞ্চলের কর্মসূচি সহযোগী সাহিন সুলতানা, তৌহিদুল ইসলাম, তবিজন বিবি, সফি খান প্রমুখ উপস্থিত ছিলেন।