প্রথম আলো ট্রাস্ট-আলোর পাঠশালার শিক্ষার্থীকে উপহার
প্রথম আলো ট্রাস্ট-আলোর পাঠশালার একজন কৃতী শিক্ষার্থীকে প্রতিশ্রুত উপহার দিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন। প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে এসে গতকাল শুক্রবার বিকেলে তিনি একজন শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে একটি সোনার চেইন তুলে দেন।
ওই শিক্ষার্থীর নাম মাহফুজা খাতুন। সে গত জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। রাজশাহীর চরখিদিরপুরে প্রথম আলো ট্রাস্ট-আলোর পাঠশালার উদ্বোধনের সময় পবার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ্জাকুল ইসলাম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই বিদ্যালয় থেকে প্রথম জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাবে, তাকে তিনি একটি সোনার চেইন উপহার দেবেন। কারণ, ওই চরে শতভাগ বাল্যবিবাহ হয়। তৃতীয় শ্রেণিতে ওঠার পর থেকে মেয়েদের বিয়ে দেওয়া হয়। এই বিদ্যালয় প্রতিষ্ঠার আগে সেখানে মাধ্যমিক শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। লেখাপড়ায় মেয়েদের উৎসাহিত করতে তিনি এ ঘোষণা দিয়েছিলেন।
গত ২০ ফেব্রুয়ারি সাংসদ ওই বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে গিয়ে ইউএনওর ঘোষণা অনুযায়ী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সোনার চেইন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। গতকাল বিকেলে তাকে সেই চেইন দেওয়ার সময় তার বাবা মুক্তার হোসেন ও প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন।