প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ‘মাদকমুক্ত সুস্থ জীবন’ স্লোগান সামনে রেখে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল রোববার নীলফামারীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, ‘গল্পের বই পড়া, কবিতার বই পড়া, খেলাধুলা করা, বাগান করার নেশা হতে পারে। পৃথিবীতে এত সব ভালো ভালো নেশা থাকতে, আমরা কেন মাদকের মতো খারাপ নেশা করব? এ নেশা থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে নিজের চেষ্টা ও পাশের লোকজনের সহযোগিতা প্রয়োজন।’নীলফামারী বন্ধুসভার উপদেষ্টা মজিবুল হাসানের সভাপতিত্বে সমাবেশে মাদক গ্রহণের কুফলতার কথা তুলে ধরেন চিকিৎসক মমতাজুল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নূর মো. আনিছুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর আবদুল মান্নান, শিক্ষক সুধীর চন্দ্র রায়, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, বন্ধুসভার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম।গত শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সুস্থ জীবন গড়ে তুলতে মাদককে ‘না’ বলার আহ্বান জানান বক্তারা। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিকী, সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ, বন্ধুসভা রাজশাহীর সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ। পরে মাদকবিরোধী কনসার্টের আয়োজন করা হয়।