প্রথম আলো ট্রাস্টের বোর্ড সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের বোর্ড সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ট্রাস্টের চলমান বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন ট্রাস্টের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ। এ সময় তিনি চলমান কর্মকাণ্ড যেমন অ্যাসিডদগ্ধ নারীদের সহায়তা, মাদকবিরোধী আন্দোলন, দুর্গম এলাকায় স্কুল প্রতিষ্ঠা, দরিদ্র মেধাবীদের শিক্ষা সহায়তা ইত্যাদি কাজ আরও জোরদার ও বিস্তৃত পরিসরে করার ওপর বিশেষ গুরুত্ব দেন। সভায় ২০১৫ সালের ট্রাস্টের কর্মকাণ্ড ও পরিকল্পনা তুলে ধরা হয়।
ট্রাস্টের নিয়মিত এই বোর্ড সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, সানিডেইল স্কুলের অধ্যক্ষ তাজিন আহমেদ, বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির উপাচার্য পারভিন হাসান, আইনজীবী তানজীব উল আলম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
এর আগে মাদকবিরোধী রচনা প্রতিযোগিতা, মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার প্রদান, অ্যাসিডদগ্ধ নারীদের নিয়ে বগুড়ায় বড় জমায়েত, দেশের প্রত্যন্ত চরে স্কুল প্রতিষ্ঠা, অদম্য মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রথম আলো ট্রাস্ট একটি অলাভজনক প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের ট্রাস্ট অ্যাক্ট অনুযায়ী ২০০৯ সালের মে মাসে এটি গঠিত হয়। ট্রাস্ট পরিচালিত হয় প্রথম আলো, প্রথম আলোর পাঠক এবং বিভিন্ন কল্যাণকামী প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায়। প্রথম আলোর দেশব্যাপী সব প্রতিনিধি এবং বন্ধুসভার সদস্যরা এর সব কর্মকাণ্ডে সরাসরি সহযোগিতা করে থাকেন।