প্রথম আলো ডিএসএ ক্রিকেট লিগ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে শুরু হয়েছে প্রথম আলো ডিএসএ ক্রিকেট লিগ। গতকাল শনিবার সকালে নীলফামারী জেলা স্টেডিয়ামে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জাকীর হোসেন।
উদ্বোধনী খেলায় নীলফামারীর অরুণদ্যুতি ক্রিকেট ক্লাব ৪১ রানে সবুজ ক্রীড়া চক্রকে হারিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে অরুণদ্যুতি ক্রিকেট ক্লাব ৩৮.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সবুজ ক্রীড়া চক্র ২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। খেলায় অরুণদ্যুতি ক্রিকেট ক্লাবের শিমুল ৭ ওভার বল করে ৪০ রান দিয়ে ৬ উইকেট দখল করেন।
আজ রোববার লিটল স্টার ক্রিকেট ক্লাব সৈয়দপুর বনাম অভিযাত্রা যুব সংঘ ক্রিকেট ক্লাব সৈয়দপুরের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জাকীর হোসেন বলেন, এখন ক্রিকেটে বাংলাদেশ ভালো করছে। খেলাধুলার মান আরও বাড়াতে হলে জেলাপর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে খেলাধুলার চর্চা করতে হবে। খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, ভালো খেলোয়াড় হতে হলে মাঠে ভালো খেলতে হবে এবং পাশাপাশি খেলার পরও ভাবতে হবে। তাহলে ভুলত্রুটি শুধরে ভালো খেলোয়াড় হওয়া যাবে।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সহসভাপতি বাবু বঙ্কু বিহারী রায়, সহসাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হক, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামিমা রহমান, ক্রীড়া সংগঠক মীর আজিজুল হাকিম, প্রথম আলো প্রতিনিধি মীর মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরিফ হোসেন জানান, প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২০১১ সাল থেকে নীলফামারীতে প্রথম আলো ক্রিকেট লিগ ও প্রথম আলো ভলিবল অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের প্রথম আলো ক্রিকেট লিগে জেলার ১৩টি ক্রিকেট দল অংশ নিচ্ছে। প্রতিদিন নির্ধারিত ৫০ ওভারের একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।