প্রথম আলো দৃষ্টান্ত হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রীতি সমাবেশে প্রথম সারিতে বসে আছেন (ডান থেকে) মিসরের আল আহরাম পত্রিকার কামাল গাবালা, পাকিস্তানের জিয়ো টিভির সাংবাদিক হামিদ মির, ভারতের প্রবীণ সাংবাদিক কুলদীপ নায়ার, টাইমস অব ইন্ডিয়ার রঞ্জন রায়, অধ্যাপক নুরুল ইসলাম, আসামের টাইমস নাউ টিভির কনসাল্টিং এডিটর ওয়াজবির হুসাইন; সীমা হোসাইন, শোভা চৌধুরী, শিলং টাইমসের সম্পাদক মানস চৌধুরী ও ভারতের পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য সাইয়েদা হামিদ l ছবি: প্রথম আলো
প্রথম আলোর ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রীতি সমাবেশে প্রথম সারিতে বসে আছেন (ডান থেকে) মিসরের আল আহরাম পত্রিকার কামাল গাবালা, পাকিস্তানের জিয়ো টিভির সাংবাদিক হামিদ মির, ভারতের প্রবীণ সাংবাদিক কুলদীপ নায়ার, টাইমস অব ইন্ডিয়ার রঞ্জন রায়, অধ্যাপক নুরুল ইসলাম, আসামের টাইমস নাউ টিভির কনসাল্টিং এডিটর ওয়াজবির হুসাইন; সীমা হোসাইন, শোভা চৌধুরী, শিলং টাইমসের সম্পাদক মানস চৌধুরী ও ভারতের পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য সাইয়েদা হামিদ l ছবি: প্রথম আলো

রাজশাহীর পলান সরকারের মতো নেপথ্যের নায়কদের কৃতিত্ব গাঁথা প্রথম আলো যেভাবে পাঠকের কাছে তুলে ধরেছে, তা যেকোনো দেশের সাংবাদিকতার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে। প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আগত বিদেশি অতিথিদের কয়েকজন এমনটিই মনে করেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত প্রীতি সমাবেশে এ প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তাঁরা। ভারত, পাকিস্তান, ওমান, কাতার ও মিসর থেকে ১৫ জন অতিথি এ অনুষ্ঠানে যোগ দেন। এঁদের মধ্যে ছিলেন সাবেক কূটনীতিক, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও সাংবাদিক।
পাকিস্তানের হামিদ মিরের জন্য প্রথম আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে আসা এবারই প্রথম। তিনি বলেন, ‘প্রথম আলোর নতুন বিজ্ঞাপনচিত্রে নতুন প্রজন্ম আগামী দিনকে নিজেদের করে নেওয়ার প্রত্যয় আমাকে মুগ্ধ করেছে। এ ছাড়া পলান সরকারের বই বিতরণের অভিযাত্রা আমার সামনে একজন কৃতী মানুষের জীবনকে অন্য মাত্রায় তুলে ধরেছে।’ তিনি বলেন, এবার এ অনুষ্ঠানে এসে দিল্লি ছাড়াও আসাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গের সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়েছেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে তাঁরা কীভাবে মূল্যায়ন করেন, সেটি বোঝার চেষ্টা করছেন।
টাইমস নাও টিভির কনসাল্টিং এডিটর ওয়াসবির হোসাইনও এবার প্রথম বাংলাদেশের কোনো দৈনিকের অনুষ্ঠানে যোগ দিলেন। এখানে দেশ-বিদেশের সব মানুষের সম্মিলনী তাঁকে মুগ্ধ করেছে। ঘণ্টা দুয়েক বিভিন্নজনের সঙ্গে আলাপ-পরিচয়ে বুঝতে পেরেছেন একটি পত্রিকা কীভাবে পাঠকের নিজের হয়ে যায়। তিনি বলেন, ‘তথ্যচিত্রে পলান সরকারের বিষয়টি দেখে বুঝতে পেরেছি, একজন নেপথ্যের নায়ককে শুধু দেশে নয়, বিদেশেও উজ্জ্বলভাবে তুলে ধরা হয়েছে। আর কাজটি সার্থকভাবে তুলে ধরেছে প্রথম আলো ।’
টাইমস অব ইন্ডিয়ার কনসাল্টিং এডিটর রঞ্জন রায় মনে করেন, যেকোনো দেশের গণমাধ্যমের জন্য একে অন্যের কাছ থেকে শেখাটা জরুরি। পত্রিকায় দেশ আর মানুষের ইতিবাচক শক্তি তুলে ধরার পাশাপাশি সমাজের প্রতি দায়বোধ থেকে প্রথম আলো যেভাবে কাজ করছে, তা অনন্য। এর পাশাপাশি একটি বাংলা দৈনিক হিসেবে অনলাইন ও অ্যাপসের মাধ্যমে দুই শর বেশি দেশে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানো দেশের প্রতি জোরালো অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
কাতারের প্রকাশনা সংস্থা দার আল শারকের ব্যবস্থাপক (বৈদেশিক প্রকাশনা) নিগাল ক্লিফটন নরানহা প্রথমবারের মতো এ অনুষ্ঠানে এসে বেশ আপ্লুত। গত মাস থেকে দার আল শার্কের সঙ্গে যৌথ উদ্যোগে প্রকাশিত হচ্ছে প্রথম আলোর সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণ। তাই প্রথম আলোকে নিজের প্রতিষ্ঠানই মনে করেন নরানহা। তিনি বলেন, এখানে এসে মনে হয়েছে, প্রকাশনার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রথম আলোর কাছ থেকে অন্য দেশের গণমাধ্যমের অনেক কিছু নেওয়ার আছে।