প্রথম আলো-নাফিয়া গাজী বিতর্ক প্রতিযোগিতা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘প্রথম আলো ১২ তম নাফিয়া গাজী আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০১৭ ’। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শুরু হয় প্রতিযোগিতা। প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী নাফিয়া গাজী ১৯৯১ সালের ২৯ মার্চ রাজধানীর মৌচাক মার্কেটের সামনে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি একজন বিতার্কিক ছিলেন। তাঁর স্মরণে ডিইউডিএস নাফিয়া গাজী বিতর্ক প্রতিযোগিতা চালু করে। প্রতি দুবছর পরপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের ১২ তম আসরের আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে প্রথম আলো।
শুক্রবার বিতর্কের প্রথম পর্ব শেষ হয়েছে। ১১ ও ১২ মে পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে।
শুক্রবার সন্ধ্যায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ডিইউডিএসের মডারেটর অধ্যাপক মাহবুবা নাসরীন, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন প্রমুখ। ডিইউডিএসের সভাপতি রায়হান শাননের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাজহারুল কবির।