রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রথম আলো পত্রিকাবাহী গাড়ির চালক ও লাইনম্যান মারা গেছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের নাম শহীদুল ইসলাম (২৫) ও লাইনম্যানের নাম সোহেল রানা ওরফে ফরহাদ (২৩)। শহীদুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গার পাটধারী গ্রামে। তাঁর বাবার নাম আবদুস সাত্তার। লাইনম্যান সোহেল রানার বাড়ি একই থানার চড়িয়া শিখা গ্রামে। তাঁর বাবার নাম সাইফুল ইসলাম। আহত ব্যক্তিরা হলেন লেগুনার সহযোগী জাফর ইকবাল (৩০) এবং অপর এক মাছ ব্যবসায়ী।
পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের সামনে ডাবভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ওই লেগুনাটি বগুড়া থেকে পত্রিকা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। চাঁপাই থেকে রাজশাহীগামী দুটি বেপরোয়া ট্রাককে সাইড দিতে গিয়ে ওই লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ঢুকে পড়ে আটকে যায়। এতে লেগুনাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা লেগুনার ভেতর থেকে এর চালক শহিদুল ইসলামের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় লাইনম্যান সোহেল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গোদাগাড়ী থানার ওসি আবু মোকাদ্দেম আলী বলেন, দমকল বাহিনী এসে ট্রাক এবং পত্রিকার ভাঙা গাড়িটি গোদাগাড়ী থানায় নিয়ে যায়। অন্য গাড়িতে করে পত্রিকা চাঁপাইনবাবগঞ্জে পৌঁছানো হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।