প্রথম আলো-পেপসির যৌথ উদ্যোগে গতকাল শনিবার চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হলো চেঞ্জ দ্য গেম রোড শো। গতকাল নগরের কাজীর দেউড়ি ও লালখান বাজার এলাকায় বিপুল দর্শকের উপস্থিতিতে এ গেম শো অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ক্রিকেট খেলে জিতে নেন আকর্ষণীয় পুরস্কার। সকালে কাজীর দেউড়ি এলাকায় অনুষ্ঠিত গেম শোতে ক্রিকেট খেলে প্রথম হন সোহেল ও সজীব। দ্বিতীয় পুরস্কার পান সোহেল ও মাসুদ। তৃতীয় হন ছয়জন। বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ট্রান্সকম বেভারেজের টেরিটরি ডেভেলপমেন্ট ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল আলম ও বন্ধুসভা চট্টগ্রামের সভাপতি আবু সুফিয়ান। এখানে ২০ জনকে পুরস্কার দেওয়া হয়। লালখানবাজার এলাকায় অনুষ্ঠিত শেষ গেম শোতে প্রথম পুরস্কার জিতেন মহব্বত উল্লাহ ও রাজু। দ্বিতীয় হন মামুন ও ফোরকান। তৃতীয় হন পাঁচজন। এখানেও ২০ জনকে পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিত্ চৌধুরী ও আঞ্চলিক ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল্লাহ আল মোজাম্মেল।পুরো গেম শো পরিচালনা করেন প্রথম আলো বন্ধুসভার দলপ্রধান শুভাশীষ শুভ। তাঁকে সহযোগিতা করেন শিমুল ও মনি।