প্রথম আলো-পেপসি চেঞ্জ দ্য গেম কক্সবাজার থেকে শুরু
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে পর্যটন শহর কক্সবাজার থেকে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে ‘প্রথম আলো-পেপসি চেঞ্জ দ্য গেম: ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ক্যাম্পেইন’। প্রথম দিনে এতে অংশ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, পর্যটকসহ মোট ৮০ জন পুরস্কার জিতে নিয়েছেন।বেলা ১১টায় কক্সবাজার সরকারি মহিলা কলেজ মাঠে রোড শো শুরু হয়। ১৫ টাকায় একটি পেপসি কিনে প্রথমে ব্যাট করতে নামেন কলেজের অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী। তিন বলের খেলায় তিনি সর্বোচ্চ ১০ রান তোলেন। এরপর শুরু হয় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে খেলা। এতে ১০ রান পেয়ে আবারও প্রথম হন অধ্যক্ষ। বিজয়ী প্রথম পাঁচজনকে প্রথম আলো-পেপসি লোগো-সংবলিত ব্যাগ, টি-শার্ট ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের অটোগ্রাফ-সংবলিত ব্যাট দেওয়া হয়। এ ছাড়া খেলায় অংশ নেওয়া ১৫ ছাত্রীকে দেওয়া হয় তারকা খেলোয়াড়দের পোস্টার। ছাত্রীদের অনুরোধে মহিলা কলেজ মাঠে দুপুর সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত চলে আরও এক রাউন্ডের খেলা। এই পর্বেও ১৫ ছাত্রীকে বিশেষ পুরস্কারসহ মোট ২০ জনকে পুরস্কৃত করা হয়।খেলা শুরুর আগে স্বাগত বক্তব্য দেন কক্সবাজারে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস। এ ধরনের আয়োজনের জন্য প্রথম আলো-পেপসিকে ধন্যবাদ জানান অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী। মানবিক দ্বিতীয় বর্ষের ছাত্রী লাকী বলেন, ‘এত দিন টেলিভিশনে খেলা দেখেছি। আজ প্রথম মাঠে ক্রিকেট খেললাম, পুরস্কারও জিতলাম।’ বেলা সাড়ে তিনটায় সৈকতের লাবণী পয়েন্টে শুরু হয় পর্যটকদের নিয়ে খেলা। দুই রাউন্ডের এই খেলায় ২০ জন করে মোট ৪০ জনকে পুরস্কৃত করা হয়। কক্সবাজার বন্ধুসভার সভাপতি বিশ্বজিত পাল, সাধারণ সম্পাদক দিদারুল আলম ও কক্সবাজার সরকারি মহিলা কলেজ শাখার সভাপতি আইরিন আকতারসহ বন্ধুসভার সদস্যরা খেলা পরিচালনায় সহযোগিতা করেন। রোড শোর মনিটরিং সুপার ভাইজার ছিলেন শাহীন হাসান। আজ বুধবারও সমুদ্রসৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে গেম শো অনুষ্ঠিত হবে।