প্রথম আলো প্রতিনিধি ও সৈয়দপুর থানার ওসিকে হত্যার হুমকি
নীলফামারীর সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে হুমকিদাতাকে মুঠোফোনে প্রশ্ন করা হলে তিনি প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলমকেও অনুরূপ হুমকি দেন।ওসি মনিরুজ্জামান জানান, দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পরিচয়ে ফিরোজ আলম নামের এক ব্যক্তি গত বৃহস্পতিবার বিকেলে তাঁকে হত্যার হুমকি দেন। এ ব্যাপারে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।গত শুক্রবার সকালে হুমকিদাতা ফিরোজের ০১৭১৩-৭১৯২৫১ নম্বর মুঠোফানে যোগাযোগ করা হলে তিনি ওসিকে সপরিবারে হত্যার হুমকির কথা এই প্রতিনিধির কাছে স্বীকার করে বলেন, ‘ওই ওসি আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়েছেন। তাই আমি তাঁকে ওই হুমকি দিয়েছি।’ এ সময় তিনি নিজেকে দিনাজপুরের একজন সাংবাদিকের ক্যামেরাম্যান বলে পরিচয় দেন এবং প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধিকে গালিগালাজ ও হত্যার হুমকি দেন।দিনাজপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহমেদ চৌধুরী জানান, পার্বতীপুর উপজেলা ছাত্রলীগে ওই নামে কেউ নেই। সেখানকার ছাত্রলীগের সভাপতি হচ্ছেন মামুনুর রশিদ। মামুনুর রশিদ বলেন, ‘ফিরোজ আসলে ছাত্রলীগের কেউ নয়। তিনি পার্বতীপুরের একজন সন্ত্রাসী এবং রেলের জ্বালানি তেল চুরির সঙ্গে জড়িত। আমরা তাঁকে পুলিশে সোপর্দ করার ব্যবস্থা নিচ্ছি।’