সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর প্রতিনিধি মিসবাহউদ্দিনের ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গতকাল বুধবার ক্যাম্পাসে মানববন্ধন করেছেন সাংবাদিক ও শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে মুখোশধারীদের চিহ্নিত করে তাঁদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। গত মঙ্গলবার রাত আটটার দিকে ক্যাম্পাসের সৈয়দ মুজতবা আলী হলের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন মিসবাহ। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। শিক্ষার্থী ও সাংবাদিকেরা জানান, মিসবাহের ওপর হামলা এবং এর আগে একই কৌশলে একাধিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে গতকাল দুপুর ১২টায় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা ছাড়াও শিক্ষার্থীরা অংশ নেন। সমকাল-এর শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তন্ময় মোদক জানান, আধা ঘণ্টার মানববন্ধন শেষে প্রক্টর হিমাদ্রী শেখর রায়ের সঙ্গে সাক্ষাৎ করে আবাসিক ছাত্রছাত্রীদের নিরাপত্তায় বিশেষ পুলিশি পাহারার দাবি জানানো হয়। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিসবাহের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।