প্রথম আলো প্রতিনিধির ওপর হামলার ঘটনায় মামলা
প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় মামলা হয়েছে। কামনাশীষ শেখর গত রোববার রাত ১২টার দিকে দ্রুত বিচার আইনে টাঙ্গাইল মডেল থানায় মামলাটি করেন।
এর আগে রোববার বেলা ১১টায় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) আনিছুর রহমান মিঞা ও পুলিশ সুপার (এসপি) সালেহ মোহাম্মদ তানভীরকে স্মারকলিপি দেওয়া হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় ওই প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক শামসাদুল আকতার শামীম, সাবেক সাধারণ সম্পাদক জাফর আহমেদ, টেলিভিশন রিপোর্টার্স ফোরাম টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম ও অ্যাডভোকেট আবু রায়হান উপস্থিত ছিলেন। এ সময় ডিসি ও এসপি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। কিন্তু আজ সোমবার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
টাঙ্গাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা খান জানান, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা যাবে বলে আশা করছি।