প্রথম আলো প্রতিনিধির ক্যামেরা কেড়ে নিল পুলিশ
কক্সবাজারের টেকনাফে গতকাল শনিবার ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানের পর অবৈধ লেনদেনের ছবি তোলার কারণে সাংবাদিকদের গালাগাল করে প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিনের ক্যামেরা কেড়ে নিয়েছে পুলিশ। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে টেকনাফ থানায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকেরা জানান, গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজারের ট্রাফিক পুলিশ টেকনাফে বেশ কিছু নিবন্ধনবিহীন মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যায়। পরে থানা থেকে টাকার বিনিময়ে কয়েকটি মোটরসাইকেল ছেড়ে দেওয়ার সময় ছবি তোলেন গিয়াস উদ্দিন। এ সময় স্থানীয় সাংবাদিকেরা ট্রাফিক সার্জেন্ট অমিতাভকে কয়টি মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করা হয়েছে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমার জানা নেই।’ তাঁর পুরো নাম জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘নাম দিয়ে কাম কী?’ এ সময় কনস্টেবল সৌরভ বড়ুয়া ও মো. ইউনুছ ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করেন ও গিয়াস উদ্দিনের সনি ডিএসসি-এইচ ৫০ ক্যামেরাটি কেড়ে নেন। এ ব্যাপারে সার্জেন্ট অমিতাভের কাছে অভিযোগ করলে তিনি বলেন, ‘ক্যামেরা কি আমি নিয়েছি? আপনারা কনস্টেবলরা ক্যামেরা নিয়েছে বললে আমার করার কিছু নেই, আপনাদের ক্যামেরা আপনারা নেন’ বলে তিনি সটকে পড়েন।