এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহে বাধা দেওয়ায় গত সোমবার প্রথম আলোর ঢাকার নবাবগঞ্জ প্রতিনিধি আজহারুল হকের বাড়ির রান্নাঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল মঙ্গলবার কেন্দ্রের সহকারী সচিবের দায়িত্ব থেকে নবাবগঞ্জ পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমকে প্রত্যাহার করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, নবাবগঞ্জ পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয় এ বছরই এইচএসসির কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। গত সোমবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ওই কেন্দ্রের পেছন দিক দিয়ে নকল সরবরাহ করছিলেন ১০-১২ জন যুবক। কেন্দ্রের পেছনে আজহারুল হকের বাসা। বাড়িতে রান্না করার সময় নকল সরবরাহের বিষয়টি দেখে ফেলেন তাঁর স্ত্রী। তিনি ওই যুবকদের সেখান থেকে চলে যেতে বলেন এবং বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষকে জানান। এতে ক্ষুব্ধ হয়ে ওই যুবকেরা বাড়ির রান্নাঘরে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যান। আগুনে পুরো রান্নাঘর পুড়ে যায়। এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনার পর নবাবগঞ্জ পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা এসে আজহারুল হকের কাছে দুঃখ প্রকাশ করেন এবং নকল রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান।ওই ঘটনায় পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে গতকাল বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে জরুরি সভা ডাকেন উপজেলা পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান। ইউএনও বলেন, কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিতে না পারায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। তাই রেজাউল করিমকে দায়িত্ব থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।