প্রথম আলো প্রতিনিধিসহ দুজনকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানি ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলা থেকে প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কবির হোসেন ও চ্যানেল নাইনের প্রতিনিধি মাগুরা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক হেলাল হোসেনকে অব্যাহতি দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটি খারিজ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক ফারাহ মামুন পুলিশের প্রতিবেদন ও মামলা পর্যালোচনা করে এ আদেশ দেন।
ওই আদালতে গত বছরের ১৫ সেপ্টেম্বর মামলাটি করেছিলেন জিটিভির স্থানীয় প্রতিনিধি আরাফাত হোসেন।
আদালত, পুলিশ ও আইনজীবী সূত্রে জানা গেছে, মাগুরা মুক্তিযোদ্ধা সংসদ গত বছরের ৩০ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরে শোকর্যা লি ও আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। ওই দিন বেলা ১১টার দিকে শহরের এজি একাডেমির সামনে হেলাল হোসেন পেশাগত দায়িত্ব পালন করতে যান। সে সময় আরাফাত হোসেন তাঁর (হেলাল) সঙ্গে দুর্ব্যবহার করেন। হেলাল তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রেসক্লাবের সদস্যসচিব শরীফ আমিরুল হাসান ও জ্যেষ্ঠ সাংবাদিক মিহির লাল কুরিকে জানান। তবে কোনো প্রতিকার পাননি। বরং ওই ঘটনার প্রায় আধা ঘণ্টা পর আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গেলে আরাফাতের নেতৃত্বে ছয়-সাতজন সন্ত্রাসী মিলনায়তনের পাশে ডেকে নিয়ে হেলালকে বেদম মারধর করে। পরে লোকজন গুরুতর অবস্থায় হেলালকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
১ সেপ্টেম্বর আরাফাত ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন হেলাল হোসেন। এ নিয়ে ৩ সেপ্টেম্বর ‘বন্ধুসভার সাংগঠনিক সম্পাদকের ওপর হামলার ঘটনায় মামলা’ শিরোনামে প্রথম আলোয় সংবাদ ছাপা হয়। ওই সংবাদ প্রকাশের জের ধরে ১৫ সেপ্টেম্বর আরাফাত হোসেন বাদী হয়ে কবির হোসেন ও হেলালের বিরুদ্ধে পাল্টা মানহানি ও চাঁদাবাজির মামলা করেন।
আরাফাতের মামলার সাত সাক্ষীর মধ্যে ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি মিহির লাল কুরি, আরটিভি ও বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিনিধি রাশেদ খান, কালের কণ্ঠ ও চ্যানেল আইয়ের প্রতিনিধি শামীম আহমেদ খান, এনটিভি, আমার দেশ ও নিউএজ-এর প্রতিনিধি শফিকুল ইসলাম শফিককে সাক্ষী করা হয়। বাদীর আইনজীবী আরজু সিদ্দিকীও বাংলাদেশ টেলিভিশন ও ইউএনবির স্থানীয় সাংবাদিক। প্রেসক্লাবের সদস্যসচিব শরীফ আমিরুল হাসান নিজে স্বাক্ষর করে বাদীর পক্ষে আদালতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন।
ওই মামলা দায়েরের পর কবির হোসেন ও হেলাল হোসেন গত বছরের ২৩ সেপ্টেম্বর একই আদালত থেকে জামিন পান। পুলিশ তদন্তে অভিযোগ মিথ্যা বলে প্রমাণ পায়। এরপর ২ ডিসেম্বর হেলাল ও কবিরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
প্রথম আলোর প্রতিনিধির পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মনির হোসেন বাবলু। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী মাহবুবুল আকবর কল্লোল, আবদুর রশীদ, সাখাওয়াত হোসেন, আবু নঈম মিলন, মো. আলাউদ্দিন, শাহেদ হাসান, রাশেদ মাহমুদ, শাখারুল ইসলাম, মিজানুর রহমান, ওয়াসিকুর রহমান ও সিরাজুদ্দিন মিহির।