প্রথম আলো বন্ধুসভা ও এইচএসবিসির উদ্যোগে এতিমদের জন্য ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ছেলেমেয়েই চায় বাবা-মায়ের সঙ্গে বসে বাসায় ইফতার করতে। কিন্তু যাদের বাবা-মা কেউ নেই, তাদের পক্ষে এভাবে ইফতার করা সম্ভব হয় না। তাদের ইফতার করতে হয় এতিমখানায়। এ নিয়ে তাদের অনেকের রয়েছে দুঃখকষ্ট। এতিম ছেলেমেয়েদের এই মনঃকষ্ট কমাতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের জন্য আয়োজন করে বিশেষ ইফতারের। তাদের যে বাবা-মা নেই, এর মধ্য দিয়ে সে কষ্ট ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ছেলেমেয়েদের সৌজন্যে গতকাল সোমবার তেমনই এক ইফতারের আয়োজন করা হয়। প্রথম আলো বন্ধুসভা ও এইচএসবিসি ব্যাংক যৌথভাবে এর আয়োজন করে। রাজধানীর এই এতিমখানায় ছেলেমেয়ে মিলিয়ে মোট ৩০০ শিক্ষার্থী রয়েছে। এমনিতে এতিমখানা কর্তৃপক্ষ প্রতিদিনই ছেলেমেয়েদের কক্ষে ইফতার সরবরাহ করে। সেসব দিয়ে ইফতার সেরে নেয় তারা। এতিমখানার আবাসিক শিক্ষক মাহমুদুল এহসান প্রথম আলোকে জানান, সাত থেকে ১৮ বছরের ছেলেমেয়েরা এই এতিমখানায় পড়াশোনা করতে ও থাকতে পারে। তাদের দেখভাল করে কর্তৃপক্ষ। রমজান মাসে ইফতার ও সেহির খাওয়ানোসহ তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়। কথার সত্যতা মেলে এতিমখানায় অবস্থানকারী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আল আমীনের কণ্ঠে। গতকাল প্রথম আলো-এইচএসবিসি আয়োজিত ইফতারে সে জানায়, ‘এতিমখানা থেকে প্রতিদিনই আমাদের ইফতার দেওয়া হয়। তবে রোজার সময় বিভিন্ন প্রতিষ্ঠান এখানে এসে আমাদের ভালো ইফতারি করায়।’ একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ রিপন, অষ্টম শ্রেণীর মোহাম্মদ রুবেল হোসেন, দ্বিতীয় শ্রেণীর নাফিজ আহমেদ, ষষ্ঠ শ্রেণীর সানী আহমেদও অনেকটা একই কথা জানায়।এতিম ছেলেমেয়েদের এই ইফতার আয়োজনের প্রসঙ্গে এইচএসবিসির অপারেশনাল রিস্কস অ্যান্ড ইন্টারন্যাল কন্ট্রোল বিভাগের ব্যবস্থাপক আবদুল্লাহ এইচ কাফি প্রথম আলোকে বলেন, ‘আমানাহ নামে পরিচালিত আমাদের ইসলামি ব্যাংকিং কার্যক্রমের আওতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এতিমদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে।’ এতিমখানার কার্যনির্বাহী পরিষদের সহকারী সচিব মনজুর আহমেদ বলেন, এতিমদের জন্য ইফতার আয়োজনের এই উদ্যোগ প্রশংসনীয়।