প্রথম আলো বন্ধুসভার জাতীয় সমাবেশ কাল শুরু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের শালবনে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রথম আলো বন্ধুসভার দুই দিনব্যাপী জাতীয় সমাবেশ। ‘আমরা জেগে আছি’ স্লোগান নিয়ে এ সমাবেশের আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদ।বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদ সূত্র জানায়, সমাবেশে দেশের ১৭০টি বন্ধুসভার প্রায় দুই হাজার বন্ধু অংশ নেবেন। বন্ধুদের জন্য ইতিমধ্যে তাঁবু টানানোসহ প্রায় সব কাজই শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রশিক্ষণকেন্দ্রের মাঠে তৈরি করা হয়েছে জাতীয় বন্ধু সমাবেশের মূল মঞ্চ। সমাবেশ ঘিরে বন্ধুসভার বন্ধুদের মধ্যে ব্যাপক উর্যাসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। কয়েক দিন ধরে বন্ধুরা মুঠোফোনে খোঁজ নিচ্ছেন, কে কখন কীভাবে আসবেন। অনেকেই জানিয়েছেন তাঁদের প্রস্তুতির কথাও। প্রতিটি বন্ধুসভা থেকে একটি করে দেয়ালিকা আনার কথা রয়েছে। সাত দিন ধরে মৌচাকের শালবনে বন্ধুদের জন্য তাঁবু টানানো, টয়লেট নির্মাণ, সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা এবং স্কাউট কেন্দ্রের প্রধান গেট থেকে শুরু করে পুরো এলাকা সাজানো হয়েছে। ঢাকা, গাজীপুর ও কালিয়াকৈর বন্ধুসভার সদস্যরা এসব কাজ করছেন।জাতীয় বন্ধু সমাবেশে সহযোগিতা করছে সামিট, গোল্ডেন হারভেস্ট, ওয়াল্টন ও এনার্জিপ্যাক।