প্রথম আলো বরগুনার প্রতিবেদককে ফের হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বরগুনার নিজস্ব প্রতিবেদক জসীম উদ্দীনকে গত সোমবার চিঠি দিয়ে আবারও হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। ওই দিনই তিনি এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।এর প্রতিবাদে গতকাল বুধবার সকালে শহরের সদর রোডে বন্ধুসভার সদস্যরা মানববন্ধন করেছেন। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন এবং অবিলম্বে হুমকি প্রদানকারী দুর্বৃত্তদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি জানান।এর আগে ২ অক্টোবর মো. সুমন (২৮) নামের এক যুবক তাঁকে মুঠোফোনে হত্যার হুমকি দেন। ওই ঘটনায়ও জিডি করা হয়েছে। সুমন স্থানীয় আওয়ামী লীগের সাংসদের ভায়রার বড় ভাইয়ের ছেলে।চিঠিতে উল্লেখ করা হয়, ‘তোরে কাফনের কাপড় পরার সুযোগ দিমু না। তোর জানাজা হবে না। মাথায় গুলি দিয়া মাছেরে খাবার দিমু। আমাগো চিনতে ভুল করছ। তোর পরিবারের সবাইরে ডলা (আঘাত) দিমু। বল্লার বাসায় হাত দিছ। এখন বুঝবা কী পারি। ভাবছ ভুলে যাব। না, তা হবে না। তোর খবর আছে।’রাত সাড়ে ১২টার দিকে জসীম উদ্দীন থানায় গিয়ে এ ঘটনায় জিডি করেন। এর আগে বরগুনা পুলিশ সুপার শ্যামল কুমার নাথকে বিষয়টি জানালে তিনি জিডি করার পরামর্শ দেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের আশ্বাস দেন।এদিকে বরগুনা প্রেসক্লাব এ ঘটনায় গতকাল রাতে জরুরি সভা করে। সভায় জসীম উদ্দীন ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি এবং পুলিশকে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।প্রথম আলোর পৃষ্ঠা ৪-এ ২ অক্টোবর ‘সওজের সোয়া দুই কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই কাজে স্থানীয় আওয়ামী লীগের সাংসদের ভায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের ৬১ লাখ টাকার একটি কাজ রয়েছে। এর জের ধরেই সিদ্দিকুরের ভাইয়ের ছেলে সুমন প্রথম আলোর প্রতিবেদককে ফোনে হত্যার হুমকি দেন এবং গালাগাল করেন। এ ঘটনায়ও থানায় জিডি করা হয়েছে। পরে অনিয়মের বিষয়টি নিশ্চিত হয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামকে ১১ অক্টোবর প্রত্যাহার করে নেওয়া হয়।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বিষয়টি তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্তকাজ শুরু করেছেন।