প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার আজ
আজ ‘প্রথম আলো বর্ষসেরা বই’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে বিকেল সাড়ে পাঁচটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে জমবে সাহিত্যিক ও সাহিত্য অনুরাগীদের প্রীতি সমাবেশ। এই সমাবেশে ১৪২০ বাংলা সনে বাংলাদেশে প্রকাশিত বর্ষসেরা বইয়ের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে পুরস্কার।
এবারের ‘প্রথম আলো বর্ষসেরা বই’ হিসেবে পুরস্কার পেয়েছে মননশীল শাখায় আহমদ রফিকের গবেষণাগ্রন্থ দেশবিভাগ: ফিরে দেখা এবং সৃজনশীল শাখায় রায়হান রাইনের উপন্যাস আগুন ও ছায়া। বই দুটি প্রকাশিত হয়েছে যথাক্রমে প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ ও প্রথমা প্রকাশন থেকে। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে আবুল মোমেন, খালিকুজ্জামান ইলিয়াস, ভীষ্মদেব চৌধুরী ও লুভা নাহিদ চৌধুরীর সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী পুরস্কারের জন্য বই দুটি চূড়ান্ত করেন।
প্রথম আলোর পক্ষ থেকে পুরস্কার বিজয়ী দুই লেখকের প্রত্যেককে আজ আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট, অভিজ্ঞানপত্র ও চেক দিয়ে সম্মানিত করা হবে। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এ বছর এক লাখ টাকা করা হয়েছে।
১৪১০ বাংলা সন থেকে বর্ষসেরা বইয়ের পুরস্কার দিয়ে আসছে প্রথম আলো। একটি দশক শেষ করে পুরস্কারটি এ বছর দ্বিতীয় দশকে পা রাখল।