প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার উত্সব আজ

বিজয়ী দুই লেখকের হাতে ১৪২২ বাংলা বছরের ‘প্রথম আলো বর্ষসেরা বই’য়ের পুরস্কার আজ শনিবার তুলে দেওয়া হবে। প্রথম আলোর পক্ষ থেকে তাঁদের বরণ করা হবে অভিজ্ঞানপত্র ও উত্তরীয় দিয়ে। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা স্মারক ও এক লাখ টাকার চেক। এবার পুরস্কারটির ১৩ বছর পূর্ণ হচ্ছে।
মননশীল শাখায় এবার পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা গবেষণাগ্রন্থের জন্য সৈয়দ আবুল মকসুদ। আর ফয়জুল ইসলাম পেয়েছেন তাঁর খোয়াজ খিজিরের সিন্দুক গল্পসংকলনের জন্য সৃজনশীল শাখায়। বই দুটি প্রকাশিত হয়েছে যথাক্রমে প্রকাশনা সংস্থা প্রথমা প্রকাশন ও সমগ্র প্রকাশন থেকে।
অনুষ্ঠান ঘিরে আজ বিকেল সাড়ে পাঁচটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে জমবে লেখক, প্রকাশক ও সাহিত্য-অনুরাগীদের প্রীতিসমাবেশ। সেখানে আরও থাকবেন পুরস্কারের জন্য গঠিত বিচারকমণ্ডলীর সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী এবং সদস্য আবুল মোমেন, মোহিত উল আলম, সোনিয়া নিশাত আমিন ও ফারুক মঈনউদ্দীন।
অনুষ্ঠানে গত বছর বাংলাদেশের বিশিষ্ট তিন প্রয়াত কবি সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী ও রফিক আজাদের কবিতা আবৃত্তি করবেন অভিনয়শিল্পী ও আবৃত্তিকার ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন ও জয়ন্ত চট্টোপাধ্যায়। সৈয়দ শামসুল হকের সাহিত্যকর্ম থেকে পড়ে শোনাবেন নন্দিত অভিনেত্রী কবরী। চ্যানেল আই এ অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী।
অনুষ্ঠানটি সাহিত্য-অনুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে।