সংবাদকর্মী ও সংবাদপত্র বহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকলেও জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মী-সমর্থকেরা তা মানছেন না। জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে দেশব্যাপী দলটির ডাকা ৪৮ ঘণ্টার হরতালে তাঁরা গাইবান্ধা ও সাতকানিয়ায় প্রথম আলো পত্রিকাবাহী গাড়ি ভাঙচুর করেছেন। প্রথম আলোর গাইবান্ধা ও সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধির পাঠানো খবর:
গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলা শহরের উত্তর বাসস্ট্যান্ড এলাকায় বুধবার রাতে প্রথম আলো বহনকারী মাইক্রোবাস ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় পত্রিকা পৌঁছে দিয়ে রংপুর থেকে বগুড়া ফেরার পথে মাইক্রোবাসটিতে ভাঙচুর চালানো হয়।
তবে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শামীম আহমেঞ্চদ বলেন, ‘আমাদের কোনো কর্মী পত্রিকার গাড়ি ভাঙেনি। রাতে পিকেটিং করার সময় কে বা কারা ভেঙেছে, সেটা আমার জানা নেই।’
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবহন শ্রমিকেরা জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ‘জরুরি সংবাদপত্র’ লেখা প্রথম আলো বহনকারী মাইক্রোবাসটি উপজেলা শহরের উত্তর বাসস্ট্যান্ডে পৌঁছালে জামায়াত-শিবিরের কর্মীরা তাতে ভাঙচুর চালান।
সাতকানিয়া: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়ার মৌলভীর দোকান নামক স্থানে গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে হরতাল-সমর্থকেরা প্রথম আলো বহনকারী মাইক্রোবাস ভাঙচুর করেন। এ সময় তঁদের ছোড়া পাথরে মাইক্রোবাসের চালক আহত হন। চালকের নাম গিয়াসউদ্দীন (৩৫)। তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকার ফরিদুল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পত্রিকা নিয়ে মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে ওই স্থানে হরতাল-সমর্থকদের হামলার মুখে পড়ে।