প্রথম আলো-বাংলা ট্রিবিউনের বিরুদ্ধে শামীম ওসমানের নোটিশ নাকচ
প্রথম আলো, বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক অবজারভার পত্রিকার প্রকাশিত খবরের কারণে সাংসদ শামীম ওসমানের বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে উল্লেখ তিনি সংসদে তিনটি পৃথক নোটিশ দিয়েছেন। তবে বিধিসম্মত না হওয়ায় স্পিকার প্রথম আলো ও বাংলা ট্রিবিউন সংক্রান্ত নোটিশ নাকচ করে দিয়েছে। অবজারভার সংক্রান্ত নোটিশটি গ্রহণ করেছেন।
আজ বুধবার অধিবেশনের শুরুতে স্পিকার শামীম ওসমানের নোটিশের প্রসঙ্গটি তোলেন। স্পিকার সিদ্ধান্ত জানানোর পর শামীম ওসমান বলেন, গত ২৩ জানুয়ারি অবজারভার পত্রিকায় ‘পুলিশ ওয়েট পিএম অর্ডার টু ক্র্যাকডাউন অন ড্রাগ লট’, ২০১৪ সালের ১ জুন প্রথম আলোতে প্রকাশিত ‘আইনজীবীকে হত্যায় অনুতপ্ত র্যাবের সাবেক তিন কর্মকর্তা’ এবং গত বছরের ২৭ নভেম্বর বাংলা ট্রিবিউনে তাঁর বাবাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ায় তাঁর বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে। এ জন্য তিনি ১৬৪ বিধিতে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারের প্রতি অনুরোধ করেন।
নোটিশ সম্পর্কে স্পিকার বলেন, নোটিশ কার্যপ্রণালি বিধি অনুযায়ী পরীক্ষা করা হয়েছে। দুটি নোটিশটি বিশেষ অধিকার সম্পর্কিত বিধি ১৬৫ অনুযায়ী শর্তাবলি পূরণ করেনি। কেননা কোনো সদস্য একটি বৈঠকে অনুরূপ একাধিক প্রশ্ন উত্থাপন করতে পারবেন না। প্রশ্নটি সাম্প্রতিক সংঘটিত কোনো সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং তা প্রথম সুযোগেই উত্থাপন করতে হবে।
প্রসঙ্গে স্পিকার বলেন, চলতি অধিবেশনের ২৬ জানুয়ারি সদস্য জনাব এনামুল হক প্রথম নোটিশের অনুরূপ একটি নোটিশ দেওয়ার পর সংসদের ওই দিনের বৈঠকে তা উত্থাপিত হয় এবং কার্যপ্রণালী বিধির ১৬৮ বিধি অনুযায়ী সংসদ কর্তৃক তা বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হয়।
স্পিকারের সিদ্ধান্ত মেনে নিয়ে শামীম ওসমান বলেন, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা মেনে নিয়েছি। কিন্তু প্রথম আলো ও ডেইলি স্টার ক্রমান্বয়ে শুধু আমাকে নয়, তারা বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তনে ভূমিকা রেখেছে। তবে, আপনি বলেছেন যে সময় ঘটনা সংঘটিত হবে, সেই সময়ে সেটা উত্থাপন করতে হবে। আমি একমত। কিন্তু যখন কোনো বিষয় আদালতে বিচারাধীন থাকে সেই বিষয় কিন্তু আলোচনার সুযোগ থাকে না। সেই কারণে সেই সুযোগ আমার কাছে ছিল না। সেখানে আপনি লক্ষ্য করেছেন ৩৮ মাস আমি অপেক্ষা করেছি। আইনি কারণেই এটা বিলম্বিত হয়েছে। এখানে আমার কিছু করার ছিল না। যেহেতু রায় হয়েছে তাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই এখন উত্থাপন করছি। শামীম ওসমান এ ক্ষেত্রে আইনি বাধা থাকলে এ সংক্রান্ত আইন নিয়ে আসার জন্য আইনমন্ত্রীকে অনুরোধ করেন।
ডেইলি স্টার ও প্রথম আলোর নাম উল্লেখ করে শামীম ওসমান বলেন, এই দুটি পত্রিকা ওয়ান ইলেভেনে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতিবাজ বানানোর চেষ্টা করলেন। তাহলে কী তারা কোথাও জবাব দেবে না? আমি জানি তারা সুযোগ পেলে আবারও আমাকে ক্ষতবিক্ষত করবে। আমি এতে কেয়ার করি না।