
অগ্রহায়ণের সন্ধ্যা। শীতের আমেজ চারদিকে। শীতের সেই কাঁটাকে তুড়ি মেরে সবাই মেতে উঠেছিলেন আড্ডায়। হাসি-গল্পে কেটে যায় পুরোটা সময়। রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, প্রকৌশলীসহ নানা শ্রেণী-পেশার মানুষের সমাগমে হোটেল স্টার প্যাসিফিকের বলরুম হয়ে উঠেছিল যেন তারার মেলা।
প্রথম আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার সুধী সমাবেশে সিলেটবাসী মেতে উঠেছিলেন উৎসবের রঙে। আনন্দের মুহূর্ত ভাগাভাগি করতে হাজির হয়েছিলেন পাঁচ শতাধিক শুভানুধ্যায়ী।
সন্ধ্যা ছয়টায় আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। ঘণ্টা খানেকের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় হোটেলের বলরুম। সাতটায় শুরু হয় অনুষ্ঠান। প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদীর সূচনা বক্তব্যের পরই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত ‘আশা আছে’ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর মঞ্চে আসেন সিলেটের প্রবীণ শিক্ষাবিদ ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ।
মো. আবদুল আজিজ বলেন, ‘ভোরের প্রথম আলো আমাদের মনে আশা জাগায়। নতুন দিনের সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যায়। হাঁটি হাঁটি পা পা করে দেড় দশক কাটিয়ে প্রথম আলো বাংলাদেশকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে এগিয়ে চলছে। এ পত্রিকা কোনো বানোয়াট কিংবা উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করে না। তাই প্রথম আলো তার ব্যাপক জনপ্রিয়তা ধরে রেখেছে। আমরা আশা করছি, প্রথম আলো আগামী দিনেও পথ দেখাবে।’
এরপর মঞ্চে আসেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি শুরুতেই শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাজ্জাদ শরিফ বলেন, ‘বাংলাদেশে নানা সময়েই নানা কারণে উত্থান-পতন হয়েছে। কখনো অন্ধকারময় পরিবেশ সৃষ্টি হয়েছে, কখনো সংকটময় পরিবেশের সৃষ্টি হয়েছে। এত এত প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের মানুষ কখনোই পথ হারায়নি। আমরা বাংলাদেশের মানুষের সেই সফলতা, সম্ভাবনা ও দুর্বার প্রাণশক্তির কথাই বলতে চাই। প্রথম আলো সেই গল্পই এত বছর ধরে বলে আসছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ এখন একটা সংকটকালীন মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। সামনে কী ঘটতে যাচ্ছে, তা আমরা জানি না। এই অনিশ্চিত পথচলায় প্রথম আলো আশাবাদের গল্প শোনাতে চায়। কারণ, প্রথম আলো জানে, এ দেশের মানুষ ভালো থাকলে পুরো দেশই ভালো থাকবে। আমরা অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষে।’
সাজ্জাদ শরিফের বক্তৃতার পর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত তিনটি বিজ্ঞাপনচিত্র প্রদর্শিত হয়। ‘পথ হারাবে না বাংলাদেশ’ শীর্ষক থিমের ওপর নির্মিত ওই বিজ্ঞাপনচিত্রগুলো শুভানুধ্যায়ীদের আপ্লুত ও উজ্জীবিত করে।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাবেক গণপরিষদ সদস্য লুৎফুর রহমান, প্রবীণ ক্রীড়াব্যক্তিত্ব রণজিত দাস, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাস, প্রবীণ বাম নেতা মো. আরশ আলী, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, কবি তুষার কর, রাজনীতিবিদ লোকমান আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন ভূইঞা, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাছিম হোসাইন, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেটের প্রথম বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী প্রমুখ।
সবশেষে দেশের বিশিষ্ট শিল্পীদের যৌথভাবে পরিবেশিত একটি রবীন্দ্রসংগীতের সঙ্গে প্রথম আলোর নানা অনুষ্ঠানের ভিডিওচিত্র ও পত্রিকার ক্লিপিংস-সহযোগে প্রস্তুতকৃত একটি কোলাজ প্রদর্শিত হয়। নৈশভোজ শেষে প্রথম আলোর জন্য শুভকামনা জানিয়ে একে একে বাড়ি ফেরেন শুভানুধ্যায়ীরা।