প্রথম আলো মানুষের কথা বলে

প্রথম আলো একটি আলোকবর্তিকা। যার মাধ্যমে মানুষ, সমাজ ও দেশ আলোকিত হচ্ছে। এ দৈনিকটি শুধু সংবাদ পরিবেশন করেই দায়িত্ব শেষ করে না, সমাজ উন্নয়নে নানা ধরনের ভূমিকা রেখে চলেছে। একটি পত্রিকা যে সমাজের সব শ্রেণির মানুষের নির্ভরতার জায়গা হতে পারে, তা প্রথম আলো প্রমাণ করেছে। প্রথম আলোর এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক যুগ যুগ।
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে দেশের ৮৭টি জায়গায় গতকাল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসব কর্মসূচি পালনে সহায়তা করে প্রথম আলো বন্ধুসভা।
বক্তারা আরও বলেন, প্রথম আলো দলনিরপেক্ষ কাগজ। এ দৈনিকটি সূর্যের কিরণের মতো জ্ঞানের আধার। নারী শক্তিকে জাগ্রত করে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে প্রথম আলো পড়তে হবে। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

গাইবান্ধা: বেলা তিনটায় গাইবান্ধা শহরের পৌর পার্কের বিজয়স্তম্ভ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিজয়স্তম্ভ চত্বরে এসে শেষ হয়। এখানে এক সুধী সমাবেশে গানের ফাঁকে ফাঁকে প্রথম আলোর নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন বিশিষ্ট আইনজীবী সিরাজুল ইসলাম, কলেজশিক্ষক সাখাওয়াৎ হোসেন, কবি মাহবুবর রহমান, শিক্ষার্থী ও পাঠক তানজিদা রহমান, পাঠক ও চাকরিজীবী হামিদা বানু, বন্ধুসভার সভাপতি সারওয়ার হোসেন, সাধারণ সম্পাদক রানা পাপুল প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চুনি ইসলাম, জিয়াউর রহমান, ফেমা, মাহমুদ সাগর, এস এম স্বাধীন। নৃত্য পরিবেশন করে ফাহিম ও মীমতা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধুসভার সহসভাপতি নাহিদ হাসান।
নীলফামারী: দিবসটি উদ্যাপনে বন্ধুসভার সদস্যরা তাঁদের ভালো কাজের অংশ হিসেবে সকালে নীলফামারী শহীদ মিনার চত্বর থেকে বাইসাইকেল নিয়ে একটি মাদকবিরোধী শোভাযাত্রা করেন। বিকেলে শহীদ মিনার চত্বর থেকে আরেকটি শোভাযাত্রা বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আগের জায়গায় ফিরে আসে। সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নীলফামারী বন্ধুসভার সভাপতি সুধীর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন সচেতন নাগরিক কমিটি নীলফামারী জেলা শাখার সভাপতি নরেশ চন্দ্র রায়, নীলফামারী শিল্প ও বণিক সমিতির নেতা আবদুল ওয়াহেদ সরকার, এস এম সফিকুল আলম, প্রথম আলোর এজেন্ট ডালিম চট্টোপাধ্যায়, নিরাপদ সড়ক চাই নীলফামারীর সভাপতি মৃণাল কান্তি রায়, খেলাঘরের পরিতোষ রায়, পাঠক শাকিল আহম্মেদ, কাকলী বেগম প্রমুখ।

পঞ্চগড়: বেলা সাড়ে তিনটায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উদীচীর সভাপতি শফিকুল ইসলাম, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বোদা মহিলা কলেজের শিক্ষক এমরান আল আমীন, কথাসাহিত্যিক আলী সায়েদ, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি এম এ হান্নান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক প্রহ্লাদ চন্দ্র বর্মণ ও বন্ধুসভার রাশিদ আল শিহাব চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্ধুসভার আবু জাফর। পরে বন্ধুসভার মহানন্দ, মেঘলা, আসমা, আফিয়া, মিতু, রইস, ইউসুফ, রাহুল, শাকিল, সুবর্ণা গান এবং মোনা ও লিসা নামে যমজ বোন নাচ পরিবেশন করেন।
কুড়িগ্রাম: বেলা তিনটায় প্রথম আলো কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। এটি শহীদ মিনার চত্বর ঘুরে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন পাঠক লাইলী বেগম, শাহানা বেগম, রাশেদুজ্জামান বাবু, জাহেদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ও শিক্ষাবিদ মো. শাহাবুদ্দিন। আলোচনা শেষে প্রবীণ পাঠক সামিউল হক নান্টুকে একটি উত্তরীয় উপহার দেওয়া হয়।
লালমনিরহাট: বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা আশপাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য দেন পাঠক মাজহারুল ইসলাম, মোস্তাফিজুর রহমান লিপু, ফেরদৌসী বেগম বিউটি, প্রভাষক তহমিনা বেগম, ভাষাসৈনিক কমরেড সামছুল হক ও আবদুল কাদের ভাসানী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ওস্তাদ তাজুল চৌধুরী, সুমন সরকার ও সালমা খাতুন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন একান্ত, ঈপসীতা ও ফারুক আহমেদ। লালমনিরহাট বন্ধুসভার সাধারণ সম্পাদক খন্দকার আসাদুজ্জামান পাঠকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন। পরে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান লালমনিরহাট প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

ঠাকুরগাঁও: সকালে প্রথম আলো পত্রিকা বিতরণকারীদের মুখে মিষ্টি তুলে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়। বেলা তিনটায় শহরের চৌরাস্তা থেকে শোভাযাত্রা বের হয়। এটি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংগীতের পর কেক কাটা হয়। পরে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব, গৃহিণী ফেরদৌস আরা, চিকিৎসক নুর আলম মণ্ডল, শিক্ষক কামরুল ইসলাম ও বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বক্তব্য দেন। পরে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উপস্থিত দর্শকদের মিষ্টিমুখ করানো হয়। সেখানে বন্ধুসভার ভালো কাজের অংশ হিসেবে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
দিনাজপুর: বেলা তিনটায় দিনাজপুর শহরের স্টেশন রোডে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান রাস্তা ঘুরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ কান্তা রায়, নাট্যব্যক্তিত্ব শাহজাহান শাহ, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন, শিক্ষক সফিকুল ইসলাম, মহিলা পরিষদ সাধারণ সম্পাদক মারুফা বেগম, শিক্ষক ও পাঠক মামুন, সংবাদপত্র হকার্স ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল সরকার ও বন্ধুসভার সভাপতি মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করে।

রংপুর: বিকেল চারটায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুধী সমাবেশ হয়। বক্তব্য দেন অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য, সাহিত্যিক আনোয়ারুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুল ইসলাম, সাহিত্যিক নাসিমা আক্তার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপেল মাহমুদ, সাংবাদিক আফতাব হোসেন, রংপুর জিলা স্কুলের শিক্ষক শফিয়ার রহমান, বন্ধুসভার সভাপতি রুম্মান-উল-আলম প্রমুখ। এরপর সংগীত পরিবেশন করেন সিমু মহন্ত, রওশন আরা সোহেলী, নন্দিতা ভট্টাচার্য, স্বপন পাল, রোকনুজ্জামান হিমু প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বন্ধুসভার শামীমা ইয়াসমীন সুমি।
পাটগ্রাম (লালমনিরহাট): বন্ধুসভার একটি ভালো কাজের অংশ হিসেবে সকাল নয়টার দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের বিলুপ্ত ১১৯ নম্বর বাঁশকাটা ছিটমহলে বন্ধুসভার সদস্যরা বিদ্যালয়ে পড়ে না, এমন ৩৫ শিশুর হাতে শিক্ষা উপকরণ হিসেবে শিশুশিক্ষা বই বিতরণ করেন। এ সময় উপস্থিত এলাকাবাসী ও শিশুদের মিষ্টিমুখ করানো হয়। বেলা তিনটার দিকে স্থানীয় উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বেরিয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনার মুক্তমঞ্চ চত্বরে এক আলোচনা হয়। এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও অবসপ্রাপ্ত প্রধান শিক্ষক এ বি ফজলুল হক, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা দবির উদ্দিন আহমেদপ ্রমুখ।
সৈয়দপুর: বন্ধুসভা ও বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বিএইউএসটি) একদল তরুণ বন্ধু একটি ভালো কাজ করার অঙ্গীকার নিয়ে স্মৃতিঅম্লান পরিষ্কার করেন। বিকেলে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে মুর্তজা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক ডা. শরীফুল আলম চৌধুরী, বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, ইংরেজি সাপ্তাহিক নর্থ বেঙ্গল নিউজ-এর সম্পাদক মেহেরুন নেছা, শিক্ষক নাছিম রেজা শাহ, তরুণ পাঠক নাঈমা ইসলাম নদী, সুলতান মাহমুদ আলভী, সৈয়দপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম প্রমুখ।