প্রথম আলো মানুষের হৃদয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো সর্বস্তরের মানুষের আবেগ-অনুভূতি বুঝতে পারে। তাই ১৬ বছরেই প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রথম আলোর এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক সমাজ ও দেশের উন্নতির স্বার্থে। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত আলোচনা সভায় বিশিষ্টজনেরা এসব বক্তব্য তুলে ধরেন।
রাঙামাটি বন্ধুসভার ব্যবস্থাপনায় বন্ধুসভার সভাপতি সুনেন্টু চাকমার সভাপতিত্বে রাজবাড়ি এলাকার আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা বলেন, সমাজে এমন কোনো ক্ষেত্র নেই, যা প্রথম আলোতে স্থান পায় না। প্রথম আলো সমাজ পরিবর্তনে সব সময় অগ্রণী ভূমিকা রেখে চলেছে।
রাঙামাটির সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা বলেন, প্রথম আলো মানুষকে স্বপ্ন দেখতে, এগিয়ে যেতে পথ দেখায়। উন্নয়নকর্মী চাঁদ রায় বলেন, নিরপেক্ষ সাংবাদিকতায় প্রথম আলো অনন্য।
রাঙামাটি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক বিপম চাকমা বলেন, ‘প্রথম আলো সব ভালোর সঙ্গে আছে, থাকবে। তার অগ্রযাত্রা আমাদের সবার কাম্য।’ রাঙামাটি সরকারি কলেজের প্রভাষক পল্লভী দেওয়ান বলেন, তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাতে পারে বলে প্রথম আলো সবার প্রিয়।
এর আগে রাঙামাটি বন্ধুসভার সদস্যরা রাঙামাটি শহরতলির ভেদভেদী এলাকার আলুটিলাউলুছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেন এবং বিদ্যালয়ের চারপাশের জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন।
সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনন্দমণি চাকমা, গ্রামপ্রধান রবিধন চাকমা, প্রধান শিক্ষক গৌরিকা তালুকদার এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হরি কিশোর চাকমা।