প্রথম আলো সম্পাদক ও প্রতিবেদককে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও জ্যেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদকে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে। হুমকির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ১৮৪৮) করা হয়েছে।গত মঙ্গলবার বেলা তিনটা ৫৯ মিনিটে ইফতেখার মাহমুদের ব্যক্তিগত মোবাইলে ফোন করে অজ্ঞাতনামা এক ব্যক্তি এই হুমকি দেন। জিডিতে বলা হয়, অজ্ঞাতনামা ব্যক্তি জ্যেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদকে টেলিফোন করে বলেন, ‘সামনের ২০ তারিখ খুলনা কোর্টে তোর ও তোর সম্পাদক মতিউর রহমানের তো হাজিরা আছে, তাই না? ওই দিন মরার জন্য প্রস্তত হয়ে আসিস। তোরা আমার নেতার নামে বহু মিথ্যা রিপোর্ট করেছিস। তোদের খবর আছে। ২০ তারিখ খুলনায় দেখা হবে। তোদের মোকাবেলা করার জন্য আমরা প্রস্তত। অনেক সহ্য করেছি, আর না।’গত বছরের ৪ ও ৬ অক্টোবর প্রথম আলোয় খুলনার রাজনৈতিক পরিস্থিতি ও সন্ত্রাস নিয়ে তিনটি সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনগুলো প্রকাশের পর ইফতেখারকে সেখানকার প্রভাবশালী ও দুর্বৃত্তচক্র নানাভাবে হুমকি দিচ্ছিল। সর্বশেষ গত ৩১ জানুয়ারির এ হুমকি দেওয়া হয়। গত ২৯ ডিসেম্বর ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে করা একটি হয়রানিমূলক মানহানির মামলায় জামিন নিতে খুলনায় যান ইফতেখার মাহমুদ। ওই দিন অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আদালত এলাকায় তাঁকে হুমকি দেন। তাঁরা এই বলে হুমকি দেন যে, ‘আদালত থেকে বের হওয়ার পর তোকে আজ শেষ করে ফেলব। তুই ও তোর সম্পাদক অনেক বাড়ছিস।’