প্রথম আলো সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত
খুলনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও জ্যেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদের বিরুদ্ধে করা একটি মানহানির মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে খুলনার আদালতে বিচারাধীন ওই মামলাটি অন্য আদালতে বদলির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।২০১১ সালের ৪ অক্টোবর ‘জলদস্যু থেকে জননেতা!’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এতে মানহানির অভিযোগে খুলনা সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন ওই বছরের ১৮ অক্টোবর খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে (ক-অঞ্চল) প্রথম আলোর সম্পাদক ও জ্যেষ্ঠ প্রতিবেদকের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট তাঁদের জামিন দেন। এই মামলাটি অন্য আদালতে বদলির নির্দেশনা চেয়ে বিবাদীপক্ষে হাইকোর্টে আবেদন করা হয়। গতকাল এ আবেদনের ওপর শুনানি হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রমজান আলী শিকদার। তাঁকে সহায়তা করেন আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী ও মেহরিন ইসলাম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। প্রসঙ্গত, গত বছরের ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট প্রথম আলোর সম্পাদক এবং ওই জ্যেষ্ঠ প্রতিবেদকের বিরুদ্ধে খুলনায় করা আরেকটি মানহানি মামলার কার্যক্রম স্থগিত করেন। ২০১১ সালের ৬ অক্টোবর প্রথম আলোতে ‘খুনের পরিকল্পনায় খুলনা আ.লীগের চার নেতা’ শিরোনামের একটি প্রতিবেদন ছাপা হয়। এতে মানহানির অভিযোগে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদী হয়ে ওই বছরের ৩ নভেম্বর খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলাটি করেছিলেন।